সাভার, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ডিশ লাইন সংযোগ নিয়ে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার মোল্লা মার্কেটে বৃহস্পতিবার রাতে হামলা চালায় স্থানীয় একটি প্রতিষ্ঠানের এক দল শিক্ষার্থী।
এতে ওই মার্কেটের দুই ব্যবসায়ীসহ অন্তত ৩০ জন আহত হন। শুক্রবার দুপুরে আহত এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক কৌশিক আহমেদ জানান, ডিশ লাইনে ছবি অস্পষ্ট আসায় জনতা গ্লোবাল ট্রেনিং সেন্টার নামে একটি শ্রমিক প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের সঙ্গে রাত ৮টার দিকে কেবল টিভির সংযোগদানকারী দোকানের মালিক কামরুল আহসানের তর্কাতর্কি হয়। এর জের ধরে রাত ৯টার দিকে কয়েকশ শিক্ষার্থী মোল্লা মার্কেটে গিয়ে কামরুল ইসলামের দোকানে হামলা চালায়। ওই সময় মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা বাধা দিলে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে গুরুতর আহত মার্কেটের মালিক আমজাদ মোল্লা (৫০) ও ব্যবসায়ী ইব্রাহিমকে (৩৫) রাতেই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে মারা যায় ইব্রাহিম।
ঘটনায় রাতেই অজ্ঞাতনামা প্রায় ৫ শতাধিক জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা করেন আমজাদ মোল্লা।
তদন্তকারী কর্মকর্তা কৌশিক আহমেদ জানান, সাইফুল ইসলাম, আব্বাস ও এমদাদ হোসেন নামে তিন শিক্ষার্থীকে রাতেই গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০৯ ঘ.
bdnews24