২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামির সতর্কতা প্রত্যাহার

সুনামির আশঙ্কায় বাংলাদেশে জারি করা সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। রাত ১টা ২০ মিনিটে সরকার এই ঘোষণা দেয়। আবহাওয়া অফিস জানিয়েছে, সুনামির আশঙ্কা কেটে গেলেও উপকূলীয় জেলা, অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ স্বাভাবিকের চেয়ে এক/দুই ফুট বেশি জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে। বুধবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ ভূমিকম্পের পরপরই সুনামির আশঙ্কায় ভারত মহাসাগরসংলগ্ন উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি হয়। বাংলাদেশ সরকারও দ্রুত সতর্কতা জারি করে। (আরও তথ্যসহ-৭)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 02:49 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-সুনামির আশঙ্কায় বাংলাদেশে জারি করা সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। রাত ১টা ২০ মিনিটে সরকার এই ঘোষণা দেয়। আবহাওয়া অফিস জানিয়েছে, সুনামির আশঙ্কা কেটে গেলেও উপকূলীয় জেলা, অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ স্বাভাবিকের চেয়ে এক/দুই ফুট বেশি জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে। বুধবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ ভূমিকম্পের পরপরই সুনামির আশঙ্কায় ভারত মহাসাগরসংলগ্ন উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি হয়। বাংলাদেশ সরকারও দ্রুত সতর্কতা জারি করে। খবরটি ছড়িয়ে পড়ার পর আতঙ্কিত হয়ে ওঠে উপকূলীয় অঞ্চলসহ সারা দেশের মানুষ। ১৭ জেলায় ঝুঁকির মুখে থাকা লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হতে থাকে। অনেকে পরিবারপরিজন নিয়ে নিজেরাই নিরাপদ আশ্রয়ের দিকে ছুুটতে থাকেন। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে ভারত ও শ্রীলঙ্কা সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয়। তবে সতর্কতা বহাল রাখা হয় বাংলাদেশে। সুনামির আশঙ্কায় রাতে চট্টগ্রাম বন্দরের কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। সাগরে অবস্থান করা জাহাজগুলোকে সতর্কাবস্থায় থাকতে বলা হয়। চাঁদপুরে ঢাকা-দক্ষিণাঞ্চল রুটের লঞ্চ আটকে ডাকাতিয়া নদীতে নিরাপদে রাখা হয়। নদী বন্দর কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে লঞ্চগুলোকে ঘাট ছাড়তে দেওয়া হবে। (আরও তথ্যসহ-৭) এর আগে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল মধ্যরাতের পর বাংলাদেশের উপকূলে সুনামি আঘাত হানতে পারে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রশাসনের পক্ষ থেকে উপকূলীয় এলাকা থেকে লোকজনকে নিরাপদে চলে যেতে মাইকিং শুরু হয়। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, "ঢাকা থেকে ৩ হাজার ৭১৮ কিলোমিটার দক্ষিণ পূর্বে বাংলাদেশ সময় ৫টা ৯ মিনিট ৪৬ সেকেন্ডে ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রায় একটি ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে একটি সুনামি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।" ইন্দোনেশিয়ার সুমাত্রা অঞ্চলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আট দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে সে দেশের আবহাওয়া অফিস জানায়। এরপরই 'প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার' ভারত মহাসাগরে সম্ভাব্য সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ ভারত মহাসাগরের উপকূল সংলগ্ন বিভিন্ন দেশের কর্তৃপক্ষও সতর্কতা জারি করে। আমাদের চট্টগ্রাম অফিস জেলা প্রশাসক আশরাফ শামীম এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, জেলার উপকূলীয় অঞ্চলের লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়। এছাড়া সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের গ্রামের ও ইউনিয়নের মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও আনসারদের মাধ্যমে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতেও বলেছিল কর্তৃপক্ষ। আশরাফ শামীম জানান, সন্দ্বীপে প্রায় এক লাখ লোককে উপজেলার ৯৬টি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছিলেন, বুধবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভূমিকম্প হওয়ায় বড় ধরনের সুনামির আশঙ্কা করা হচ্ছে। এজন্য বাংলাদেশের সব সমুদ্র উপকূলে বিশেষ সতকর্তা ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। তিনি জানান, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এমনিতেই গত কয়েকদিন থেকে সাগর উত্তাল থাকায় তিন নম্বর সংকেত দেখানো হচ্ছে। এর সঙ্গে ইন্দোনেশিয়ার ভূমিকম্প যোগ হওয়ায় সাগর আরও উত্তাল হতে পারে। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন জানান, আপাতত সাগরে অবস্থান করা সব জাহাজকে সতর্ক করে দেওয়া হয়। বন্দরের দুর্যোগকালীন প্রস্তুতি কমিটিকে সংবাদ দেওয়া হয়। তারা জরুরিভাবে বৈঠকে বসে কর্মপন্থা ঠিক করবেন। কক্সবাজার প্রতিনিধি জানান, জেলা ও উপজেলা প্রশাসন উপকূলীয় এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ দীপক চন্দ্র নাথ জানিয়েছিলেন, সুমাত্রা দ্বীপে প্রচণ্ড ভূমিকম্পের প্রভাবে বুধবার রাত সাড়ে ১১টা বা তার পরপরই কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলীয় এলাকায় সুনামি আঘাত হানতে পারে। এছাড়া, ভূমিকম্পের প্রভাবে বঙ্গোপসাগরের পানি বেড়ে কক্সবাজার ও চট্টগ্রামের উপকূলীয় এলাকার নিুাঞ্চলও প্লাবিত হতে পারে। কক্সবাজারের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান জানান, সুনামি হওয়ার আশঙ্কার কথা জানার পরই জরুরি ভিত্তিতে মাইকিং করে উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হচ্ছিল। কক্সবাজারের বাসিন্দা অতনু শর্মা বুধবার সন্ধ্যার দিকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে জানান, সাগর কিছুটা উত্তাল। গুমোট আবহাওয়া ও বেশ গরম অনুভূত হচ্ছে। জেলা প্রশাসন নিচু এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার জন্য মাইকিং করছে। স্বেচ্ছাসেবকরা মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। নোয়াখালী প্রতিনিধি জানান, জেলার সুবর্ণচর, হাতিয়া, কোম্পানীগঞ্জসহ উপকূলীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্কবার্তা প্রচারের নির্দেশ দেয় জেলা প্রশাসন। মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা মাইকিং করে জেলেদের উপকূলের নিরাপদ স্থানে যেতে বলেছে। জেলা প্রশাসক মো. হাবিবুল কবির চৌধুরী জানান, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি সম্পর্কে প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছিল। আমাদের ভোলা প্রতিনিধি জানান, উপকূলীয় এলাকায় সুনামি আঘাত হানার আশঙ্কার খবর প্রচারের পরপরই শহর ফাঁকা হতে শুরু করে। জেলা প্রশাসক মো. বেলায়েত হোসেন জানান, জেলার সাত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সতর্ক ব্যবস্থা গ্রহণের জন্য জরুরি বার্তা পাঠানো হয়। জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়গুলোতে সার্বক্ষণিক জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়। রেডক্রিসেন্ট, ঘুর্ণিঝড় ও দুর্যোগ প্রতিরোধ কমিটির সদস্যদের জরুরি বার্তা পাঠানো হয়েছে বলেও তিনি জানান। বরগুনা প্রতিনিধি জানান, সুনামি আতঙ্কে বরগুনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বরগুনা রেডক্রিসেন্ট অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। রাত ১১টার মধ্যে উপকুলবর্তী এলাকায় বাধের বাইরে বাসবাসরকারী লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে আসার জন্য মাইকিং করা হয়েছে। বরিশাল প্রতিনিধি জানান, সুনামির সতর্কবার্তা পাওয়ার পর ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া লঞ্চগুলো আবার বরিশাল নদী বন্দরে ফিরে এসেছে। পটুয়াখালী প্রতিনিধি জানান, সুনামির আশঙ্কায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করেছে। ইন্দোনেশিয়ার নিকটবর্তী দেশ মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত মহাসাগরে এক থেকে তিন মিটার উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছে বলে তারা জেনেছেন। দেশটির আবহাওয়া অধিদপ্তর ভূকম্পন বিভাগের পরিচালক মোহাম্মদ ওসাইদি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এরইমধ্যে ইন্দোনেশিয়ার প্যাদাং এ এক থেকে তিন মিটার উচ্চতার সুনামি চিহ্নিত করা গেছে। আমরা এখন এর গতি প্রবাহ লক্ষ করছি। ইন্দোনেশিয়ার গ্লোবাল টিভি জানায়, ভূমিকম্পের ফলে পশ্চিম সুমাত্রার রাজধানী প্যাদাং এর অনেক ভবন বিধ্বস্ত হয়েছে। অবরুদ্ধ ওই শহরের অনেক ভবনে আগুন জ্বলছে তারা জানায়। ভূমিকম্প অনুভূত হওয়ার পর জাকার্তার অনেক অফিস খালি করে ফেলা হয়। জাকার্তার কেন্দ্রস্থলে একটি ব্যাংকের প্রযুক্তি কর্মকর্তা ওয়াইদুস্তিতি বলেন, "আমি নামাজ পড়ছিলাম। নামাজ শেষ করেই বুঝতে পারি ভূমিকম্প হচ্ছে। ভয় পেয়ে দ্রুত ভবন থেকে বের হওয়ার জন্য দৌড়াতে থাকি।" সিঙ্গাপুর ও থাইল্যান্ডেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে সেখানকার মানুষ জানিয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার জানান, ইন্দোনেশিয়ার ভূমিকম্পের কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানেও ভূ-কম্পন অনুভূত হয় বলে তারা খবর পেয়েছেন। রাজবাড়ী প্রতিনিধি জানান, বুধবার বিকেল ৫টা ৩৫ মিনিটে জেলার বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন হয়েছে। এ সময় বিভিন্ন পুকুরের পানি উপচে পড়ে। লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, সেখানেও মৃদু ভূমিকম্প হয়েছে। বিকেল ৫টা ৪৬ মিনিটের দিকে তিন থেকে চার সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পের সময় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। ঝিনাইদহ প্রতিনিধি জানান, বুধবার সন্ধ্যার দিকে সেখানে ভূমিকম্প হয়েছে। সোয়া ছয়টার দিকে শৈলকুপা উপজেলা সদরের পুকুরে পানিতে আলোড়ন দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। চাঁদপুর প্রতিনিধি জানান, রাতে চাঁদপুর হয়ে ঢাকা-দক্ষিণাঞ্চল রুটের লঞ্চ চলতে দেওয়া হয়নি। সুনামি সতর্কতা জারির পর প্রশাসন এ ব্যবস্থা নেয়। জেলা প্রশাসক এসএম মুনিরুল ইসলাম জানান, সুনামির আশঙ্কায় আবহাওয়া অধিদপ্তর চাঁদপুরসহ দেশের উপকূলীয় বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করায় এখানে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁদপুর নদী বন্দরের উপ-পরিচালক আলমগীর কবির জানান, রাত ৯টার পর থেকে চাঁদপুর হয়ে চলাচলকারী ঢাকা-দক্ষিণাঞ্চল রুটের সব লঞ্চ ডাকাতিয়া নদীতে এনে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। তিনি জানান, রাত সাড়ে এগারোটা পর্যন্ত ডাকাতিয়া নদীতে প্রায় ৩০টি লঞ্চ রাখা ছিল। পরিস্থিতির উন্নতি হলে আটকে রাখা লঞ্চগুলোকে চাঁদপুর ঘাট থেকে যেতে দেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এমএআর/এমআরএফ/এসএনডি/এমএসবি এমএইচবি/ ০১১৩ ঘ.