ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --চাঁদাবাজির অভিযোগে আরেকটি মামলায় ঢাকা সিটি কর্পোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম এবং তার স্ত্রী হাসিনা চৌধুরীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমানউল্লাহ এ রায় দেন।
একই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের সশ্রম কারাদন্ডের রায় দেওয়া হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের গুলিস্তান ভবনের নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এসএম আলাউদ্দিনের কাছে চৌধুরী আলম এবং তার সঙ্গীরা গত ২০০৩ সালের ১১ মার্চ সন্ধ্যায় ৫০ লাখ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা না দিলে ওই ভবনের দক্ষিণ অঞ্চলের কাজ বন্ধ রাখার হুমকি দেওয়া হয়।
আসামী চৌধুরী আলম ও তার সহযোগিদের কারণে নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়নি।
২০০৪ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় চৌধুরী আলমসহ ১০/১২ জন লোক বাদির অফিসে এসে চাঁদার টাকা পরিশোধসহ তার স্ত্রী হাসিনা চৌধুরীর নামে ওই ভবনে একটি দোকান বরাদ্দের জন্য চাপ দেয় এবং ১৫ লাখ টাকা নিয়ে যায়।
ওই দিনই বাদি হাসিনা চৌধুরীর নামে বরাদ্দপত্র টাইপ করে তাতে স্বাক্ষর করে চৌধুরী আলমকে দেন।
এ এসএম আলাউদ্দিন চলতি বছরের ৪ এপ্রিল চৌধুরী আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে পল্টন থানায় মামলা দায়ের করেন।
গত ২২ ফেব্র"য়ারি ঢাকার মুখ্য মহাগনগর হাকিম (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করেন চৌধুরী আলম। ওই দিনই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। তবে চৌধুরী আলমের স্ত্রী হাসিনা চৌধুরী বর্তমানে পলাতক রয়েছেন।
এর আগে গত ২৯ আগস্ট চাঁদাবাজির আরেকটি মামলায় চৌধুরী আলমের আরও ১০ বছরের সাজা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমএ/১৪৫৫ঘ.
bdnews24