ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ ৩ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার।
এ তথ্য জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল মতিন চৌধুরী বলেছেন, কর্মস্থলে বাংলাদেশীদের বৈধ করার জন্য আমিরাত সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হবে।
সরকারের এ উদ্যোগ ব্যর্থ হলে বিপুল সংখ্যক শ্রমিককে দেশে ফিরতে হবে।
আবদুল মতিন চৌধুরী বুধবার সকালে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমিরাত সরকার বাংলাদেশীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ ৩ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে এ বছরের ৩ নভেম্বর নির্ধারণ করেছে।"
তিনি বলেন, "এই সময়ের মধ্যে বাংলাদেশ সরকার কর্মস্থলে প্রবাসী বাংলাদেশীদের বৈধ করার জন্য চেষ্ঠা চালাবে"।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৫ লাখের বেশি বাংলাদেশী রয়েছে। এদের মধ্যে বড় একটি অংশ তিন কারণে অবৈধ হয়ে গেছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা বলেন, "তিন কারণে বাংলাদেশী শ্রমিকরা অবৈধ হয়েছে। কারণগুলো হচ্ছে বৈধভাবে যাওয়ার পর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া, নির্দিষ্ট কোন প্রতিষ্ঠান নামে সে দেশে গিয়ে অন্য কোন প্রতিষ্ঠানে কাজ করা এবং ভ্রমণ ভিসায় গিয়ে দেশে না ফিরে কাজ শুরু করে দেয়া।"
চলতি বছরের প্রথম দিক থেকে আমিরাত সরকার সে দেশে অবৈধ শ্রমিকদের তালিকা তৈরির কাজ শুরু করে। এক পর্যায়ে ঘোষণা দেওয়া হয়, শ্রমিকদের ভিসার মেয়াদ বাড়িয়ে তাদের বৈধ করে নেওয়া হবে। ওই ঘোষণার পর অন্যান্য দেশের শ্রমিকদের মতো বাংলাদেশীরাও ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করে।
কিন্ত গত ৩ জুন আমিরাত সরকার বাংলাদেশী অবৈধ শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে ৩ সেপ্টেম্বরের মধ্যে তাদের ওই দেশ ছাড়ার জন্য সময় বেঁধে দেয়।
এরপর থেকে বাংলাদেশ সরকার সেখানে কর্মরত অবৈধ শ্রমিকদেরও বৈধ করার জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করে। একই সঙ্গে অবৈধ শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার জন্য দাপ্তরিক কাজও চলছে বলে মন্ত্রণালয় সূত্র জানায়।
সূত্র জানায়, সরকারের উদ্যোগ সফল না হলে শ্রমিকরা যাতে ৩ নভেম্বরের মধ্যে দেশে ফিরতে পারে সে জন্য দুটো কাজ এক সঙ্গে চালানো হচ্ছে।
মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জানান, আমিরাতে বাংলাদেশের দূতাবাস ৩০ হাজার শ্রমিককে আউট পাস দিয়েছে। এরা ট্রাভেল পারমিটের জন্য আবেদন করেছিল। আরো আবেদনকারীদেরও আউট পাস দেয়া হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এমআই/এমএ/১৪৩১ ঘ.
bdnews24