রংপুর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় মঙ্গলবার তিন ঘণ্টার মতো চিকিৎসা সেবা বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর জন্য তার আত্মীয় মিজানুর রহমান খাবার নিয়ে ঢুকতে চাইলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল ইসলাম বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ডা. রাকিবুলকে ধাক্কা দেন মিজান। খবর পেয়ে চিকিৎসক ও সেবিকারা ঘটনাস্থলে গিয়ে মিজানকে আটকে ফেলে এবং এ ঘটনার বিচার করা না করা চিকিৎসা কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় এবং বিক্ষোভ করতে থাকে।
পরে দুপুর একটার দিকে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আজিজুল ইসলাম, হাসপাতালের পরিচালক ডা. দক্ষিণা মোহন রায়, অধ্যাপক লায়েক আহাম্মেদ খানসহ সিনিয়র ডাক্তারদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
তিনি সাংবাদিকদের জানান, লাঞ্ছিত চিকিৎসক রাকিবুল ইসলাম একটি লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় থানায় মামলা হবে।
মিজানুর রহমানকে পুলিশ থানায় নিয়ে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২০২৬ ঘ.
bdnews24