২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসডাকাতি, আহত ১৫

বরিশাল-ঢাকা মহাসড়কে একটি বাসে ডাকাতি হয়েছে। সোমবার রাতে ঝালকাঠিগামী সাকুরা পরিবহনের ওই বাস ফরিদপুর অতিক্রমের সময় ডাকাতের কবলে পড়ে। ডাকাতের হামলায় আহত হন ১৫ যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 10:57 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

বরিশাল, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশাল-ঢাকা মহাসড়কে একটি বাসে ডাকাতি হয়েছে। সোমবার রাতে ঝালকাঠিগামী সাকুরা পরিবহনের ওই বাস ফরিদপুর অতিক্রমের সময় ডাকাতের কবলে পড়ে। ডাকাতের হামলায় আহত হন ১৫ যাত্রী। আহত বাসযাত্রী অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য ফারুক হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৮ টার দিকে বাসটি ফরিদপুরের বিসমিল্লাহ শার মাজার অতিক্রমকালে যাত্রীবেশী আট ডাকাত অস্ত্রের মুখে চালককে জিম্মি করে যাত্রীদের ওপর হামলে পড়ে। ২০ মিনিট ধরে লুটপাট শেষে তারা ফরিদপুরের তালমার মোড়ে নেমে যায়। তাদের অস্ত্রাঘাতে আহত হন কমপক্ষে ১৫ জন। ফারুক হোসেন জানান, আহত যাত্রীদেরকে নিয়ে রাত সোয়া ১২টার দিকে বাসটি বরিশালে এলে বরিশাল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম যাত্রীদের জবানবন্দি নেন। রাতেই পুলিশ পাহারায় আহতদের একটি মাইক্রোতে করে ঝালকাঠীতে পৌঁছে দেওয়া হয়। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনায় সোমবার রাতেই একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।" এর আগে গত ২৬ আগস্ট ভোররাতে বরিশালে ঢাকা থেকে বরগুনাগামী একটি বাসে ডাকাতি হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫১ ঘ.