ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রমজান মাসে দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর কোনো সচল ইউনিট বন্ধ না করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। জরুরী কারণ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদেরও ছুটি না নেওয়ার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ উৎপাদন না বাড়লেও এভাবেই রমজান মাসের চাহিদা মেটানোর চেষ্টা করবে পিডিবি।
পিডিবির চেয়ারম্যান মুহম্মদ খিজির খান সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "খুব জরুরি না হলে কোনো মেশিন বন্ধ করা হবে না। এজন্য চালু ইউনিটগুলোতে রমজানের আগেই মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ সেরে রাখা হচ্ছে। রমজানের পর আবার এসব কাজ শুরু হবে। তবে যেসব ইউনিট দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে রোজার মাসে সেগুলোর কাজ চলবে।"
বিশেষ নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, "প্রতি রমজানেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়। এবারও দেওয়া হয়েছে। এটা নতুন কিছু না। বিভিন্ন কারণে বিদ্যুৎ ইউনিটগুলো ঠিকমতো উৎপাদন করতে না পারলেও আমরা সাধ্যমতো চেষ্টা করছি। আশা করি রোজার মাসটা ভালোভাবেই সামাল দিতে পারবো।"
তিনি জানান, গ্যাস সরবরাহ কমে যাওয়ায় রাউজানে উৎপাদন কমে গেছে। কাপ্তাইয়ে পানি অতিরিক্ত বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে।
পিডিবি কর্মকর্তারা জানা, রমজানে ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে উৎপাদন চালু রাখার জন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রাংশ ও তেল আগে থেকেই সংগ্রহ করে রাখতে বলা হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের ছুটির আবেদন না করতে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পিডিবির এক কর্মকর্তা জানান, রমজান মাসে ইফতারি থেকে তারাবির নামাজ পর্যন্ত বিদ্যুতের চাহিদা থাকে সবচেয়ে বেশি। ইফতারির সময় গড় চাহিদা থাকে ৫ হাজার মেগাওয়াটের বেশি।
তিনি জানান, বর্তমানের বিদ্যুতের গড় চাহিদা দিনে ৪২০০ মেগাওয়াট। আর প্রতিদিন গড়ে উৎপাদন হচ্ছে ৩৭শ' থেকে ৩৮শ' মেগাওয়াট। আগস্টের শেষ নাগাদ সর্বোচ্চ উৎপাদন ছিল ৩৯শ' মেগাওয়াট। বিভিন্ন কেন্দ্রের মোট ১৮ ইউনিট বর্তমানে বন্ধ রয়েছে। বর্তমানে যে পরিমাণ বিদ্যুৎ বিতরণ হচ্ছে তার মাত্র ২০ ভাগ পিডিবির হাতে রয়েছে। বাকি ৮০ ভাগ ডেসা ও পল্লী বিদুৎ বিতরণ করে থাকে।
ওই কর্মকর্তা জানান, নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না থাকা ও বড় পুকুরিয়ায় কয়লা সঙ্কটের কারণেও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এ কারণে কমপক্ষে ৫০০ মেগাওয়াট উৎপাদন কম হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএ/১৭১১ ঘ.
bdnews24