মাদারীপুর, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার ঘটনায় মাদারীপুরে দায়ের করা মামলায় এক জেএমবি সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তবে মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার মাদারীপুর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. হাবিবুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, বরিশালের বাবুগঞ্জ উপজেলার চর ভুতেরদিয়া গ্রামের আব্বাস আকন। রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাভোগের নির্দেশ দেওয়া হয়।
খালাসপ্রাপ্তরা হলেন, আলী আহম্মদ, আবদুর রউফ রাজ্জাক ও ইসমাইল খান।
১৭ আগস্ট মাদারীপুর জেলা জজ আদালত চত্বর ও জেলা প্রশাসকের চত্বর এলাকায় মোট ছয়টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
ঘটনায় দিনই সদর থানার উপ-পরিদর্শক এমদাদুল হক বাদি হয়ে একটি মামলা করেন। এর পর শায়খ রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলাভাইসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক টিপু সুলতান।
তবে শায়খ রহমান ও বাংলাভাইর ফাঁসি কার্যকর হওয়ায় আদালত তাদের মামলা থেকে অব্যাহতি দেয়। বাকি চার জনের মধ্যে সোমবার একজনকে যাবজ্জীবন ও তিন জনকে খালাস দিল আদালত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24