পাবনা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলা থানার চড়াডাঙ্গা গ্রামে সোমবার ভোরে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই 'চরমপন্থী' নিহত হয়েছেন। ওই সময় তিন র্যাব সদস্যও আহত হয়েছেন বলে দাবি করেছে র্যাব।
নিহতরা হলেন, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা আব্দুল মতিন (৩৮) ও জেলা কমান্ডার আব্দুল ওহাব (৪০)। ঘটনাস্থল থেকে আটটি অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
র্যাব-১২ এর পাবনা ক্যাম্পের কমান্ডার আমজাদ হোসেন মিঠু জানান, চড়াডাঙ্গী গ্রামে চরমপন্থীরা বৈঠক করছে- গোপন সূত্রে এ খবর পেয়ে র্যাবের একটি দল ভোর সাড়ে ৫ টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। র্যাব ঘটনাস্থলে পৌঁছলে চরমপন্থীরা গুলি ছুড়তে শুরু করে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়।
দুই পক্ষের গোলাগুলিতে মতিন ও ওহাব ঘটনাস্থলেই মারা যান বলে র্যাব কর্মকর্তা আমজাদ জানান।
আহত র্যাব সদস্যরা হলেন, উপ-পরিদর্শক (এসআই) সুলতান রেজা (২৬), সেনা সদস্য হুমায়ুন কবির (২৭) ও কনস্টেবল রেজা (২২)।
আমজাদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে তিনটি বন্দুক, তিনটি রিভালবার, দুটি শাটার গান ও ১১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৫ ঘ.
bdnews24