ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া-২ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ অধ্যাপক শহীদুল ইসলামের সম্পদ বিবরণী দুর্নীতি দমন কমিশনে জমা পড়েছে।
অধ্যাপক শহীদুলের স্ত্রী সেলিনা শহীদ রোববার কমিশনে গিয়ে এই বিবরণী জমা দেন। কমিশনের সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের এ কথা জানান।
সচিব কার্যালয় থেকে দেওয়া বিবরণীর সার সংক্ষেপে বলা হয়, অধ্যাপক শহীদুলের স্থাবর সম্পদের মধ্যে কুষ্টিয়াতে আনুমানিক ১ হাজার ৮৭ শতক জমি, কুষ্টিয়া হাউজিংয়ে ৮ দশমিক ২৫ শতক জমির প্লট ও ঢাকার উত্তরায় ৮ দশমিক ২৫ শতক জমির প্লট রয়েছে।
তার অস্থাবর সম্পদের মধ্যে ছয়টি ব্যাংক হিসাবে এক লাখ ৫৭ হাজার টাকা জমা রয়েছে। এছাড়া দুই লাখ ১৫ হাজার ৭০০ টাকার শেয়ার, ৯ লাখ ৭৭ হাজার টাকার বীমা ও পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে। আরো আছে একটি টয়োটা ও একটি লেক্সাস গাড়ি এবং একটি পিস্তল ও একটি শটগান।
স্ত্রী সেলিনা শহীদের নামে কুষ্টিয়াতে রয়েছে আনুমানিক ৩১৮ শতক জমি ও ঢাকার মিরপুরে ১০ শতক জমির প্লট। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে শুল্কমুক্ত কোটায় কেনা একটি টয়োটা গাড়ি, তিনটি ব্যাংক হিসাবে ২৭ হাজার ৭৭৭ টাকা, চার লাখ ৬২ হাজার টাকার শেয়ার, এক লাখ ৭৭ হাজার টাকার বীমা, আট লাখ ৭০ হাজার টাকার সঞ্চয়পত্র এবং ১০ ভরি সোনার গহনা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/জেকে/০০০৪ ঘ.
bdnews24