ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘরোয়া বৈঠকে ৫০ জনের বেশি নেতাকর্মী উপস্থিত থাকতে হলে আগে থেকে সরকারের অনুমতি নিতে হবে। আলোচনা করা যাবে কেবল নির্বাচন ও সাংগঠনকি বিষয়ে। এ ধরনের বিধিবিধানের কথা জানিয়ে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে সরকার।
রোববার রাতে টেলিফোনে সাংবাদিকদের এ গেজেট প্রকাশের খবর জানিয়েছেন আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা গেজেটে বলা হয়েছে, কেবল নির্বাচন ও সাংগঠনকি বিষয়ে আলোচনা করা যাবে। ঘরোয়া বৈঠকে ৫০ জনের বেশি নেতাকর্মী উপস্থিত থাকতে হলে আগে থেকে সরকারের অনুমতি নিতে হবে। রাজনৈতিক দল অথবা তার অংশবিশেষ ঘরোয়া রাজনীতির সুযোগ পাবে, রাজনৈতিক দলগুলো চাইলে তাদের কার্যালয় খুলে দেওয়া হবে। তবে রাজপথে সমাবেশ, হরতাল, অবরোধ, ধর্মঘট, নৈরাজ্য সৃষ্টি করে এমন কর্মসূচি এবং সরকারের বিরুদ্ধে উসকানিমূলক কোনো কর্মসূচি জরুরি বিধিমালার আলোকে নিষিদ্ধ থাকবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচএস/এমএইচবি/০০১১ ঘ.
bdnews24