ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দেশের বিভিন্ন এলাকায় নতুন করে বন্যা দেখা দেওয়ায় সরকার উদ্বিগ্ন। দ্বিতীয় দফার এই বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন পানি সম্পদ উপদেষ্টা এএসএম মতিউর রহমান।
রোববার মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "সরকার প্রথম দফা বন্যার ক্ষত কাটিয়ে না উঠতেই আবারো বন্যা দেখা দিয়েছে। এ নিয়ে সরকার বেশ উদ্বিগ্ন। দ্বিতীয় দফার এই বন্যায় সরকারের ওপর দিয়ে বিরাট ধকল যাবে।
উপদেষ্টা বলেন, "আগের বন্যায় কয়েকটি নদীর পানি বেড়েছিল। কিন্তু এবার দেশের সব নদ-নদীর পানি একসঙ্গে বাড়ছে। ভারতের উজান থেকে নেমে আসা পানির গতি এতটাই তীব্র যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ব্রিজ-কালভার্ট, ড্যাম সবকিছুই হুমকির মুখে পড়েছে। তিস্তা ব্যারেজের নিরাপত্তা ফিউজ পানির তোড়ে ভেসে গেছে। তিস্তা অববাহিকার বিস্তীর্ণ এলাকা এতে ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষেতের ফসল, ঘরবাড়ী, মাছের খামার সব তলিয়ে গেছে।"
তিনি জানান, হিল বেসিনে (পার্বত্য অঞ্চলের নদ-নদীগুলোর অববাহিকায়) বন্যা দেখা দেওয়ায় কাপ্তাই বাঁধের ১৬টি গেটই খুলে দেওয়া হয়েছে। পানির চাপ এতটাই বেশি যে গেট খুলে না দিলে তা ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল।
মতিউর রহমান বলেন, "এবারের বন্যায় ব্রহ্মপুত্র, গঙ্গা, মেঘনা ও পার্বত্য অববাহিকার প্রায় সব নদ-নদীর পানি বাড়ছে। পানি বৃদ্ধির এই চিত্র শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। উজান থেকে ব্রক্ষ্রপুত্র, গঙ্গা ও সুরমা-কুশিয়ারা নদীর পানি একসঙ্গে বাংলাদেশে প্রবেশ করছে। সিরাজগঞ্জে এবারের বন্যা আরও ভয়াবহ রূপ নিয়েছে। গোমতী বাঁধে ফাটল দেখা দিয়েছে। কাজীর হাটের বাঁধের অবস্থাও শোচনীয়।"
তিনি বলেন, "এই মুহূর্তে সাগর উত্তাল। ফলে নদীর পানি ঠিতমত সাগরে যেতে পারছে না। এতে করে এবার বন্যার পানি নামতে সময় নেবে বলে মনে হচ্ছে।"
উপদেষ্টা বলেন, "ভারতের বিভিন্ন বাঁধে ভাঙন দেখা দিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।"
আসামের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর বরাত দিয়ে তিনি জানান, বরাক নদীর উজানে নির্মাণ করা বিভিন্ন স্থাপনায় ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও ভাঙ্গনেরও সৃষ্টি হয়েছে। অবস্থা আরো খারাপ হলে সুরমা ও কুশিয়ারা নদী সংলগ্ন বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাবে।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "সরকারের মন্ত্রণালয়গুলোর মধ্যে বন্যা পরিস্থিতি মোকাবেলায় কোনের সমন্বয়হীনতা নেই। তাই প্রথম দফার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের বন্যাও আমরা মোকাবেলা করতে পারবো।"
উজানের বিভিন্ন নদ-নদীতে ভারতের স্থাপনা নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, "এ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা বলেছি, দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক নদীগুলোতে স্থাপনা নির্মাণ করতে হলে বাংলাদেশকে জানাতে হবে। ভারত বলেছে, আমাদের জানিয়েই সবকিছু করা হবে। কিন্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে ভারত দেরি করছে। এসব বিষয়ে আগামী বৈঠকে আলোচনা করা হবে।"
পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোজাদ্দেদ আল ফারুক বলেন, শুষ্ক মৌসুমে পানি সমস্যা মোকাবেলায় বাংলাদেশে বিকল্প গঙ্গা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম দফার বন্যায় শুধু বাঁধের ক্ষয়ক্ষতির পরিমাণ টাকার অংকে দাঁড়িয়েছে ৫৫১ কোটি টাকা। আর নতুন করে বন্যার যে ভয়াবহতা দেখা দিয়েছে তাতে ক্ষতি অনেক বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/২৩৩৩ ঘ.
bdnews24