ময়মনসিংহ, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহের ত্রিশালে রোববার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ৪ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, বাসের যাত্রী মার্জিয়া (৭), আবু সাঈদ (৩০), রানা (৩২) ও বাসের চালক লুইস (৩৫)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান জানান, ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাসে ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস একটি শিশুকে বাচাঁতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক লুইস ও মার্জিয়ার মৃত্যু হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রানা ও আবু সাঈদ মারা যান।
আহত ৪০ জনের মধ্যে ১৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩/৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর রাত সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২২৩৬ ঘ.
bdnews24