ফরিদপুর, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস হত্যা মামলার প্রধান আসামি আসিফ ইমরান (৩৮) কে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুরে র্যাব-৮ এর একটি দল জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে আসিফকে গ্রেপ্তার করে। বিকালে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।
২০০৫ সালের ১৭ নভেম্বর গৌতম দাসকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সমকালের ফরিদপুর প্রতিনিধি হাসানুজ্জামান বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। তখন ইমরানকে গ্রেপ্তার করা হয়।
সে মামলায় ২০০৬ সালের ২২ জানুয়ারি ইমরানসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
২০০৬ সালের ১ জুন উচ্চ আদালত থেকে জামিন নেন আসিফ ইমরান।
এরমধ্যে মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে দ্রুত বিচার আদালতে পাঠানো হয়। চলতি বছরের ১৪ জুন ঢাকার এক নম্বর দ্রুত বিচার আদালত সব আসামির জামিন বাতিল করেন। সে সময় থেকেই আসিফ পলাতক ছিলেন।
এদিকে আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়।
মামলার ১০ আসামির মধ্যে আসিফসহ আটজনই এখন গ্রেপ্তার রয়েছেন। এক আসামি মারা গেছেন। বাকি একজন এখনও পলাতক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১১ ঘ.
bdnews24