যশোর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোর কেন্দ্রীয় কারাগারে শনিবার মারা গেছেন মনিরামপুর উপজেলার হরিদাস কাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র মণ্ডল।
জেলার কামরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কারা অভ্যন্তরে ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র মন্ডল অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালের ডাক্তার মোজাম্মেল হকের কাছে নেওয়া হয়। সেখানে তার হার্ট অ্যাটাক হলে দ্রুত নেওয়া হয় যশোর আড়াইশ বেড হাসপাতালে।"
কামরুল ইসলাম আরও বলেন, "হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওবায়দুল কাদির উজ্জল ও রবিউল ইসলাম জানান মুকুল মারা গেছেন।"
গত ১৪ মার্চ যৌথ বাহিনী সন্ত্রাস ও চরমপন্থীদের সঙ্গে মুকুলের সংশ্লিষ্টতা আছে এ অভিযোগ এনে মুকুল চন্দ্র মণ্ডলকে আটক করে। এরপর তাকে আটকাদেশ দিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
মুকুল চন্দ্রের মৃত্যুর খবর জানার পর জেলা প্রশাসক আবুয়াল হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক মুজিবুর রহমান লাশ দেখতে হাসপাতালে যান।
পরে ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেনের উপস্থিতিতে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।
হরিদাস কাটি ইউনিয়ন পরিষদ সদস্য আমজাদ হোসেন ও আদিত্য মল্লিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "চেয়ারম্যান মুকুলের মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং এক হাত ভাঙ্গা দেখা গেছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি
bdnews24