চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রোজার আগেই বাড়তে শুরু করেছ ইফতারিতে ব্যবহৃত পণ্যের দাম। বেগুন, ছোলা, খেসারি, মটর ডালের পাশাপাশি মুরগি ও খাসির মাংস এবং ডিমের দাম বেড়েছে। সরকার সয়াবিন তেলের লিটার ৮০ টাকা নির্ধারণ করে দিলেও অনেক জায়গায় ২ থেকে ৩ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। সরবরাহ স্বাভাবিক না হলে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শুক্রবার সকালে নগরীর রিয়াজউদ্দিন বাজার ও কাজীর দেউরী বাজারের খুচরা দোকানে প্রতি লিটার সয়াবিন ৮০ থেকে ৮২ টাকায় বিক্রি হতে দেখা যায়।
রিয়াজউদ্দিন বাজারের খুচরা বিক্রেতা কামাল মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রমজান শুরুর সঙ্গে সঙ্গে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ২ থেকে ৩ টাকা বেড়ে যেতে পারে।"
প্রতি ৫ লিটারের সয়াবিন তেলের জার এখন বিক্রি হচ্ছে ৩৮৪ থেকে ৩৯০ টাকায়।
রমজান মাসে যেসব পণ্য বেশি ব্যবহৃত হয় সেগুলোর দাম গত সপ্তাহের চেয়ে বেশি বলে জানালেন ক্রেতা ও দোকানিরা। খুচরা বাজারে ছোলা, খেসারি ও মটর ডালের দাম প্রতি কেজিতে ২ থেকে ৫ টাকা করে বেড়েছে। ছোলা প্রতি কেজিতে ২ টাকা বেড়ে ৬৫ টাকা, মটর ডাল ২ টাকা বেড়ে ৩৩ টাকা, খেসারি ৫ টাকা বেড়ে ৩৩ টাকায় বিক্রি হতে দেখা গেছে বাজারে।
সরবরাহ স্বাভাবিক না থাকলে রমজান মাসে এসব পণ্যের দাম আরও বাড়বে জানালেন ব্যবসায়ী কামাল মিয়া।
এদিকে, রোজা যত ঘনিয়ে আসছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেগুনের দাম। গত সপ্তাহে যে বেগুন ২৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, শুক্রবার কাজীর দেউরী বাজারে তা বিক্রি হচ্ছিল ৩২ টাকায়।
চান্দগাঁও আবাসিক এলাকা থেকে কাজীর দেউরী বাজারে সবজি কিনতে আসা ব্যবসায়ী মোক্তার আহমদ জানান, বেগুন, পেঁপে ও পটলের দাম গত সপ্তাহের চেয়ে বেড়ে গেছে। এভাবে দাম বাড়তে থাকলে রোজায় কী অবস্থা হবে তা ভাবতেই ভয় পাচ্ছি।
রোজার ঠিক আগেই ডিমের দাম বেড়েছে। রিয়াজ উদ্দিন বাজারের ডিম ব্যবসায়ী মোহাম্মদ জাহেদ জানান, হাঁসের ডিম প্রতি ডজনে দুই টাকা বেড়ে ৫৮ টাকায় ও দেশি মুরগীর ডিম প্রতি ডজনে ৫ টাকা বেড়ে ৭০ টাকা এবং ফার্মের মুরগির ডিম দেড় টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
কাজীর দেউরী ও রিয়াজ উদ্দিন বাজার ঘুরে দেখা যায়, কয়েকটি সবজির দাম বাড়লেও মাছ, গরুর মাংস ও ফার্মের মুরগির দাম স্বাভাবিক রয়েছে। দাম বেশি হলেও বাজারে এসেছে শীতকালীন সবজি বাঁধাকপি, মুলা ও সিম। প্রতি কেজি সিম ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
কাজীর দেউরী বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ জানান, "প্রতি সপ্তাহেই দাম ওঠানামা করে। কেজি প্রতি দুই এক টাকা বাড়লে এটাকে মূল্য বৃদ্ধি বলা ঠিক হবে না। কোনটি বাড়লেও আবার কোনটির দামতো কমছে।"
নগরীর রিয়াজ উদ্দিন বাজারে শুক্রবার সকালে শসা ২৪ টাকা, বেগুন ৩২ টাকা, পটল ২৬ টাকা, কাঁকরোল ২৬ টাকা, বাধাঁকপি ২৪ টাকা, বরবটি ২৮ টাকা, টমেটো ৫০ টাকা, ঢেঁড়শ ৩০ টাকা, মিষ্টি কুমড়া ১৬ টাকা, আলু ২০ টাকা, করলা ৩০ টাকা, ঝিঙা ২৪ টাকা, মুলা ২০ টাকায় বিক্রি হচ্ছিল। কাজীর দেউরী বাজারে দামও একই রকম। উভয় বাজারে কাচাঁমরিচ ৯০ থেকে ১০০ টাকা এবং ধনে পাতা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দুটি বাজারেই বড় সাইজের ইলিশ প্রতি কেজি ২৯০ থেকে ৩৫০, কাতলা প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকা, রুই ১১০ থেকে ১২০ টাকা, রূপচান্দা ৩০০ থেকে ৩৫০ টাকা, লাক্ষা ৪২০ থেকে ৪৩০ টাকা, কোরাল ২৪০ থেকে ২৫০ টাকা, লইট্টা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া হাড় ছাড়া গরুর মাংস প্রতি কেজি ২০০ ও হাড়সহ ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
কৃষি বিপণন অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরীর শুক্রবারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা বাজার দর অনুযায়ী, গত এক মাসে খোলা আটার দাম ১৬ দশমিক ৩৩ শতাংশ বেড়ে প্রতি কেজি ২৮ থেকে ২৯ টাকা হয়েছে। ছোলার দাম বেড়েছে ৬ দশমিক ৭৮ শতাংশ। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৬ টাকায়। পিঁয়াজের দাম ১২ দশমিক ৫ শতাংশ বেড়ে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৩ টাকা দরে। দেশী মুরগি ও ব্রয়লার মুরগির দাম যথাক্রমে বেড়েছে ৬ দশমিক ১৫ শতাংশ ও ১০ দশমিক ৭৮ শতাংশ দাম। দেশি মুরগি ও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে যথাক্রমে ১৭০ থেকে ১৭৫ টাকা ও ৯০ থেকে ৯৫ টাকায়, খাসির মাংসের দাম ৪ দশমিক ৩৫ শতাংশ বেড়ে বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ টাকা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএআর/এমআই/১৭১৬ ঘ.
bdnews24