বগুড়া, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু ও তার স্ত্রী সামছুন নাহার জামানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে বৃহস্পতিবার রাতে কমিশনের সহকারী পরিচালক আশীষ কুমার কুণ্ডু বাদি হয়ে বগুড়া সদর থানায় এ মামলা দায়ের করেন।
আশীষ কুমার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, হেলালুজ্জামান লালু ও তার স্ত্রী সামছুন নাহার জামান দুর্নীতি দমন কমিশনে সম্পদের যে হিসাব দেখিয়েছেন, তা আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
এজাহারে উল্লেখ করা হয়, লালু ও তার স্ত্রীর কমিশনে জমা দেওয়া বিবরণীতে তাদের সম্পদের অর্থমূল্য দেখিয়েছেন ২ কোটি ৬৬ লাখ টাকা। কিন্তু এর মধ্যে ১ কোটি ৮৬ লাখ টাকা তাদের আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান শামীম ইকবাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলাটি নথিভুক্ত হয়েছে। আর দুর্নীতি দমন কমিশনই এর তদন্ত চালাবে।"
সাবেক সাংসদ লালুকে গত ১৩ ফেরুয়ারি তার নিজ বাসভবন চম্পামহল থেকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। ত্রাণের মালামাল আত্মসাতের দায়ে গত ৩ সেপ্টেম্বর তাকে দুই বছর কারাদণ্ড দেয় আদালত। এছাড়া তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩২ ঘ.
bdnews24