২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মিগ- ২৯ মামলা বাতিলের আবেদন খারিজ

মিগ-২৯ যুদ্ধ বিমান কেনার বিষয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে এ মামলার বিচারকাজ চালানোয় আর বাধা থাকছে না। অবশ্য এ রায়ের বিরুদ্ধে শেখ হাসিনাসহ অন্য আসামিরা সুপ্রিমকোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ শেখ হাসিনাসহ ছয় আসামির দায়ের করা মামলা বাতিলের আবেদনের উপর উভয় পক্ষের শুনানি শেষে বুধবার রায় প্রদান শুরু করে বৃহস্পতিবার শেষ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 10:02 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিগ-২৯ যুদ্ধ বিমান কেনার বিষয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে এ মামলার বিচারকাজ চালানোয় আর বাধা থাকছে না। অবশ্য এ রায়ের বিরুদ্ধে শেখ হাসিনাসহ অন্য আসামিরা সুপ্রিমকোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ শেখ হাসিনাসহ ছয় আসামির দায়ের করা মামলা বাতিলের আবেদনের উপর উভয় পক্ষের শুনানি শেষে বুধবার রায় প্রদান শুরু করে বৃহস্পতিবার শেষ করে। ১৯৯৯ সালের ৯ ফেব্র"য়ারি রাশিয়া থেমে ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান কেনে তখনকার আওয়ামী লীগ সরকার। বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আব্দুল্লাহ আল জাহিদ ওই যুদ্ধ বিমান ক্রয়ে দুর্নীতির অভিযোগে ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৫ জনকে আসামি করা হয়। অন্য চার আসামি হলেন, সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল জামালউদ্দিন আহমেদ, সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেন, সাবেক যুগ্ম সচিব ইফতেখার আহমেদ, সাবেক উপসচিব হাসান মাহমুদ। বৃহস্পতিবার রায়ে হাইকোর্ট বলেছে, এ মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে। মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আসামিদের দেখানো যুক্তিও আদালত প্রত্যাখ্যান করেছে। রায়ে আরো বলা হয়েছে, মিগ-২৯ যুদ্ধ বিমান কেনার ব্যাপারে সামরিক গোয়েন্দা বিভাগের (ডিজিএফআই) আপত্তি ছিল বলে এজাহারে উল্লেখ রয়েছে। কিন্তু তা উপেক্ষা করেই ওই যুদ্ধ বিমান কেনা হয়। রায়ের প্রতিক্রিয়ায় সরকার পক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুর রউফ মিঞা বলেন, "আদালত মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় মামলা বাতিলের আবেদন খারিজ করায় এখন নিু আদালতে এ মামলার বিচার কাজ চলতে আর বাধা নেই।" আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, "এ রায়ে আমরাও সন্তুষ্ট নই। এর বিরুদ্ধে আমরা সুপ্রিমকোর্টে আপিল করবো।" তিনি আরো বলেন, "দুটি রাষ্ট্রের মধ্যে চুক্তির মাধ্যমে মিগ ২৯ কেনা হয়েছে। এখানে দুর্নীতির কোনো প্রশ্নই ওঠে না।" মামলা বাতিলের জন্য শেখ হাসিনার করা আবেদনের শুনানি রোববার শেষ হয়। গত ২১ আগস্ট ওই আবেদনের ওপর শুনানি শুরু হয়েছিল। রোববার শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ আবেদনটির বিষয়ে রায় প্রদানের জন্য বুধবারকে স্থির করেন। তবে বুধবার পড়া অসম্পূর্ণ থেকে যাওয়ায় বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়। মামলায় অভিযোগ করা হয়, আটটি মিগ-২৯ যুদ্ধ বিমান কেনার কারণে দেশের প্রায় ৭শ' কোটি টাকা ক্ষতি হয়েছে। ২০০৩ সালের ২৯ জানুয়ারি শেখ হাসিনা, সাবেক বিমান বাহিনী প্রধান জামালউদ্দিন আহমেদ, সাবেক সেনাবাহিনী প্রধান মোস্তাফিজুর রহমান, সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেন, সাবেক যুগ্ম প্রতিরক্ষা সচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, অবসরপ্রাপ্ত এয়ার কমোডর মীর্জা আখতার মারুফ ও ইউনিক গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূর আলীর বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরই মার্চে শেখ হাসিনা মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন। পরে অন্য অভিযুক্তরাও মামলাটি বাতিলের জন্য আলাদাভাবে আবেদন করেন। সাতটি আবেদনের মধ্যে ছয়টির শুনানি শেষ হয়েছে। মোস্তাফিজুর রহমানের পক্ষে কোনো আইনজীবী না থাকায় তার আবেদনের ওপর শুনানি হয়নি। হাইকোর্টের এই একই বেঞ্চে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ফ্রিগেট ক্রয় দুর্নীতি মামলা, বেপজার পরামর্শক নিয়োগ দুর্নীতি মামলা ও মেঘনা ঘাট বিদ্যুৎ প্রকল্প স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলা বাতিলের জন্য শেখ হাসিনার দায়ের করা আবেদনের ওপর পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসএনডি/এসি/১৬৫৪ঘ.