চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক এ জে এম শহীদুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার সকালে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি চট্টগ্রাম শিক্ষাবোর্ড কার্যালয়ে কর্মকর্তাদের সাক্ষ্য নেন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষা মন্ত্রণালয় গঠিত এক সদস্য বিশিষ্ট কমিটির প্রধান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি ডি মিত্র বুধবার সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বোর্ড কার্যালয়ে ১০ জন কর্মকর্তার সাক্ষ্য নিয়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকে তদন্ত কমিটি পুনরায় সাক্ষ্য নেবে বলে তিনি জানান।
অধ্যাপক ইউসুফ জানান, সাবেক শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক শহীদুল্লাহর বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ তদন্ত করতে এ কমিটি কাজ করছে।
শিক্ষাবোর্ড সূত্র জানায়, অধ্যাপক শহীদুল্লাহর বিরুদ্ধে ষোলশহর রেল স্টেশন সংলগ্ন এলাকায় বোর্ডের নামে বরাদ্দ করা জায়গা কম দামে বিক্রি, আপত্তি থাকা সত্ত্বেও কর্মচারী নিয়োগ ও পদোন্নতি প্রদান, শর্তপূরণ না করে অর্থের বিনিময়ে ১০টি স্কুল ও কলেজকে একাডেমিক স্বীকৃতি দেওয়াসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।
সূত্র আরও জানায়, বোর্ডের অধীন কয়েকটি কলেজের শিক্ষকরা দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন সংস্থায় অভিযোগ করলে সরকার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি ডি মিত্রকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করে।
অধ্যাপক শহীদুল্লাহ ২০০২ সালের ৩০ জুন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। একই বছরের ৬ অক্টোবর স্থায়ীভাবে চেয়ারম্যান হিসাবে নিয়োগ লাভ করেন। ২০০৬ সালের ২৯ জানুয়ারি চাকরির মেয়াদ শেষ হলে পুনরায় তিনি এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে তার নিয়োগ বাতিল করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৯৩২ ঘ.
bdnews24