২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ঘটনা তদন্তে টিভি ফুটেজ চেয়েছে কমিশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বুধবার আরও ৮ জনের সাক্ষ্য নিয়েছেন এক সদস্যের বিচার বিভাগীয় কমিশন। এ নিয়ে ছয় কার্য দিবসে ২২ জনের সাক্ষ্য নেওয়া হলো। কমিশনের প্রধান বিচারপতি মো. হাবিবুর রহমান খান জানিয়েছেন, ঘটনার দিনের টেলিভিশন ফুটেজ চেয়ে টিভি চ্যানেলগুলোকে চিঠি পাঠানো হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কমিশন প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি মো. হাবিবুর রহমান সাকির্ট হাউজের কার্যালয়ে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 12:24 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বুধবার আরও ৮ জনের সাক্ষ্য নিয়েছেন এক সদস্যের বিচার বিভাগীয় কমিশন। এ নিয়ে ছয় কার্য দিবসে ২২ জনের সাক্ষ্য নেওয়া হলো। কমিশনের প্রধান বিচারপতি মো. হাবিবুর রহমান খান জানিয়েছেন, ঘটনার দিনের টেলিভিশন ফুটেজ চেয়ে টিভি চ্যানেলগুলোকে চিঠি পাঠানো হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কমিশন প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি মো. হাবিবুর রহমান সাকির্ট হাউজের কার্যালয়ে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেন। কমিশনের সদস্য সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব খুরশিদ আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কমিশন ষষ্ঠ কার্যদিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদসহ আট জনের সাক্ষ্য নেন। এছাড়া, ধানমণ্ডির সাত মসজিদ রোডের রেস্তোরাঁ ফোর সিজন এর ব্যবস্থাপক মাহমুদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের রেফারি জালাল উদ্দিন, রেফারি মো. জসিমউদ্দিনসহ নাম প্রকাশে অনিচ্ছুক তিন সাংবাদিক ও এক পেশাজীবী সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য নেওয়া শেষে বিকেলে বিচারপতি হাবিবুর রহমান খান সাংবাদিকদের বলেন, "ঘটনার দিনের টেলিভিশন ফুটেজ চেয়ে টিভি চ্যানেলগুলোতে মঙ্গলবার চিঠি পাঠানো হয়েছে। এছাড়া বিস্তারিত তথ্যপ্রমাণ দিয়ে সহায়তা করার জন্য চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও চিঠি পাঠানো হয়। তিনি জানান, কমিশন প্রয়োজনে ওই তিন বিশ্ববিদ্যালয়ে গিয়েও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিতে পারে। কমিশনের সদস্য সচিব খুরশিদ আলম জানান, বৃহস্পতিবার সাড়ে ১১টায় ফুলবাড়িয়া বিআরটিসি বাস ডিপোতে রাখা আগুনে-ভস্মীভূত একটি ও ভাংচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি বাস দেখতে যাবেন কমিশন। এছাড়া ইংলিশ রোডে বিদ্যুৎ কেন্দ্র ও নর্থ সাউথ রোডে ক্ষতিগ্রস্ত কয়েকটি বাণিজ্যিক ব্যাংকও এ সময় পরিদর্শন করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশন প্রধান বলেন, "যত দিন যাচ্ছে, মনে হচ্ছে কিছু কিছু সাক্ষী সাক্ষ্য দিতে আসছেন। এভাবে চলতে থাকলে তদন্তে আমরা অনেক এগিয়ে যাবো বলে আশা করছি।" তিনি আরো বলেন, "তদন্তের কাজে আমি এখন পর্যন্ত কোন অনাকাংঙ্খিত চাপ অনুভব করিনি। সেনা কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি সব কর্মকর্তার কাছ থেকেই আমি প্রয়োজনীয় সহায়তা পাচ্ছি।" তদন্ত কমিটির সময় বাড়ানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির কাজ শেষ করতে যদি এক মাস সময় প্রয়োজন হয়, তাহলে তো আমাদের কাজের পরিধি আরো বিশাল। সে কারণে আমাদের কাজ শেষ করতে আরো বেশি সময় প্রয়োজন হওয়ার কথা। আর সময় বাড়াতে হলে সরকারের কাছ থেকে যথাযথ অনুমতি নিয়েই আমরা তা করব।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমআরএফ/এসএনডি/এমএসবি/এমএইচবি/২১২৯ ঘ.