ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাক্ষরিত বহিষ্কারাদেশ ও নতুন মহাসচিব নিয়োগ সংক্রান্ত তিনটি চিঠিসহ মোট পাঁচটি চিঠি বুধবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে হস্তান্তর করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
বেলা দেড়টার দিকে বিএনপির সদ্য মনোনিত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পক্ষে খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব মহিউদ্দিন খান মোহন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার কাছে চিঠিগুলো হস্তান্তর করেন। (বিস্তারিত)
পাঁচ চিঠির তিনটি খালেদা জিয়া স্বাক্ষরিত বিএনপির মহাসচিব আবদুুল মান্নান ভূঁইয়া ও যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনের বহিষ্কারাদেশ সম্বলিত দুটি চিঠি ও বিএনপির নতুন মহাসচিব হিসেবে খন্দকার দেলোয়ার হোসেনের নিয়োগপত্র এবং দুটি বিএনপির সহ দপ্তর সম্পাদক রিজভী আহম্মেদ স্বাক্ষরিত।
চিঠি হস্তান্তর শেষে মহিউদ্দিন খান মোহন সাংবাদিকদের বলেন," বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গঠনতন্ত্রের ক্ষমতা বলে দলে যেসব বহিষ্কারাদেশ ও নিয়োগ দিয়েছেন তা আমরা সিইসি কে অবহিত করলাম। যাতে নির্বাচন কমিশন কোনো বেঠিক লোকের সঙ্গে যোগাযোগ না করে।"
১২ সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশন সংস্কারমূলক নির্বাচনী আইন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে। আলোচ্যসূচি অনুযায়ী, কমিশন ২২ নভেম্বর বিএনপির সঙ্গে আলোচনায় বসছে। আর আওয়ামী লীগের সঙ্গে তাদের আলোচনা করার কথা ৪ নভেম্বর।
খোন্দকার দেলোয়ার হোসেনের পক্ষে ওই চিঠি হস্তান্তরের বিষয়ে সিইসি শামসুল হুদা সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজী হননি।
তবে রোববার এক সংবাদ সম্মেলনে সিইসি জানিয়েছিলেন, সংস্কারমূলক নির্বাচনী আইন নিয়ে আলোচনার জন্য কমিশন দলের মহাসচিব বা সাধারণ সম্পাদকের বরাবরে চিঠি দেবে। বিভক্ত দলের ক্ষেত্রে কমিশন মূল দলের সঙ্গেই আলোচনা করবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এএল/এমএ/১৬২৫ ঘ.
bdnews24