বাগেরহাট, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় সাংবাদিক শওকত আলী শিমুলসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগ পত্র দিয়েছে পুলিশ।
তাপস সাহা নামে বাগেরহাটের এক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার সময় গত ২৪ আগস্ট দুপুরে সেনা সদস্যরা শহরের রেল স্টেশন এলাকায় বাগেরহাট সাংবাদিক ইউনিয়ন কার্যালয় থেকে ওই তিন জনকে আটক করে।
এ ঘটনায় তাপস সাহা ওই দিনই বাগেরহাট থানায় একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক মো. আজিজুর রহমান মঙ্গলবার বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ পত্রটি দাখিল করেন।
আজিজুর রহমান জানান, সাংবাদিক শেখ শওকত আলী শিমুল (৩২) এবং তার দুই সহযোগী শহরের সুপারীপট্টি এলাকার শেখ আতাউর রহমান (৪৮) ও জেলখানা রোডের কাজী শিহাবুল ইসলাম (৩৮) এর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ পত্রে আরও উল্লেখ করা হয়, চাঁদাবাজির এ মামলার প্রধান আসামি শিমুল বাগেরহাট সদর থানায় ২০০০ সালের বাচ্চু হত্যা, ২০০২ সালের আমেনা হত্যা মামলাসহ ১৯৯৫ সালের একটি ডাকাতি মামলার আসামি।
শিমুল বাগেরহাট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের কাগজ ছাড়াও দি নিউ নেশন, অপরাধ জগত, বাংলার চোখ এবং সাপ্তাহিক বাংলার একুশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮০১ ঘ.
bdnews24