২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়াদ শেষ হলেও ইয়াজউদ্দিনই থাকছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে বুধবার ৫ সেপ্টেম্বর। মেয়াদ শেষ হলেও নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দেশের সংবিধান অনুসারে তিনিই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। দেশের সংবিধান বিশেষজ্ঞরাও বলছেন, সংবিধান অনুসারে এই মুহূর্তে অন্য কাউকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগের কোনো সুযোগ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2007, 11:45 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে বুধবার ৫ সেপ্টেম্বর। মেয়াদ শেষ হলেও নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দেশের সংবিধান অনুসারে তিনিই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। দেশের সংবিধান বিশেষজ্ঞরাও বলছেন, সংবিধান অনুসারে এই মুহূর্তে অন্য কাউকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগের কোনো সুযোগ নেই। তাই অধ্যাপক ইয়াজউদ্দিন পদত্যাগ না করলে বা কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ না হলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত তিনিই রাষ্ট্রপতির পদে বহাল থাকবেন। সংবিধান অনুসারে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন জাতীয় সংসদের সদস্যদের ভোটে। তাই পরবর্তী সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত এমনকি সেই বিধান পরিবর্তন করে অন্য কাউকে রাষ্ট্রপতি নির্বাচন করারও কোন সুযোগ নেই। কারণ সে জন্য প্রয়োজন হবে সংবিধান সংশোধন করা, সেটাও সংসদের মাধ্যমেই করতে হবে। তাই সেরকম কোন পদক্ষেপ নেওয়া হলে তা হবে সংবিধান পরিপন্থি, অভিমত সংবিধান বিশেষজ্ঞদের। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মঙ্গলবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন,"শাসনতন্ত্র সম্মতভাবেই অধ্যাপক ইয়াজউদ্দিন সাহেব রাষ্ট্রপতি পদে থেকে যাবেন।" তিনি ব্যাখ্যা করেন, "শাসনতন্ত্রে স্পষ্টভাবে বলা আছে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান রাষ্ট্রপতি দায়িত্ব পালন করে যাবেন। কোন কারণে যদি বর্তমান রাষ্ট্রপতি পদত্যাগ করেন অথবা অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রেও শাসনতন্ত্রে সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। বলা হয়েছে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে জাতীয় সংসদের স্পিকার দায়িত্ব পালন করবেন।" সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনও মনে করেন, ৫ সেপ্টেম্বরের পর থেকে অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় কোনো বাধা নেই। তিনি বলেন, "সংবিধানের ৫০ অনুচ্ছেদেই বলা রয়েছে , পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমান রাষ্ট্রপতিই তার দায়িত্ব চালিয়ে যেতে পারবেন। এখানে কোন সময়সীমা নেই।" সংবিধান বিশেষজ্ঞ ড. এম জহিরও একই অভিমত জানিয়েছেন। সে সঙ্গে মঙ্গলবার তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে সংসদ কার্যকর নেই। তাই সংবিধান সংশোধন করার কোন সুযোগ নেই। তাই সংবিধান সংশোধনের মাধ্যমে অন্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচনের কোন সুযোগ নেই। সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার শফিক আহমেদ এ ব্যাপারে তাদের সঙ্গে একমত। তিনি বলেন, সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে সংবিধান সংশোধন করার বিধান রয়েছে। এখন তো সংসদই নেই। তাই এখন সংবিধান সংশোধন করার কোন প্রশ্নই উঠেনা। তাই সংবিধান সংশোধন করে বা অন্য কোনভাবে অন্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত করার কোন সুযোগ নেই। বর্তমান অবস্থায় অন্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে তা হবে সংবিধানের লংঘন বলে তিনি মতামত দেন। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ না করলে বা অসমর্থ না হলে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের রাষ্ট্রপতির দায়িত্ব পালনেরও কোন সুযোগ নেই। উল্লেখ্য সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগের পর জাতীয় সংসদ সদস্যদের ভোটে অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদকে ২০০২ সালের ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদের মেয়াদ ৫ বছর হওয়ায় ৫ সেপ্টেম্বর বুধবার অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসইউএম/এমআরএফ/এমএ/এসএইচ/ ১৭৩৩ ঘ.