ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উড়িষ্যা-অন্ধ্র উপকুলের কাছে পশ্চিম-মধ্য এবং তার আশপাশে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি মঙ্গলবার ভোরে উত্তর-উত্তরপশ্চিমে স্থলভাগের দিকে সরে মৌসুমী বায়ুর সঙ্গে মিলে গেছে। লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা মো. ছানাউল হক মন্ডল মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল বজ্রমেঘ সৃষ্টি অব্যাহত রয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্য দেখা গেছে। এ কারণে সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।
এদিকে, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম অফিস পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের সহকারি আবহাওয়াবিদ আব্দুর রহমানের বরাত দিয়ে জানিয়েছে, লঘুচাপটি মঙ্গলবার সকালে উড়িষ্যা উপকূলের কাছাকাছি অবস্থান নিয়েছে। তবে বাংলাদেশের সমুদ্র সীমায় এর প্রভাব খুব বেশি নেই।
আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘ এবং সাগরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় সমুদ্রে অবস্থানকারী সব মাছ ধরার ট্রলার ও জলযানকে সর্তকর্তার সঙ্গে চলাচল এবং উপকুলের কাছাকাছি থাকার জন্য। এ ছাড়া লঘুচাপের ফলে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
লঘুচাপের প্রভাবে দেশের বেশকটি জেলা থেকে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। সকালে বৃষ্টি হয়েছে ঢাকায়। চট্টগ্রামে সকাল সাড়ে নয়টা থেকে বৃষ্টি শুরু হয়ে প্রায় এক ঘণ্টা বৃষ্টি অব্যাহত থাকে। এতে অফিসগামী লোকজন চরম বিপত্তিতে পড়েন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ আরএআর/এএল
bdnews24