ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দূর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিশেষ কারাগারে একজন প্রথম শ্রেণীর বন্দির সব ধরনে সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে সংসদ ভবন চত্বরের বিশেষ কারাগারের বাইরে কারা উপ মহাপরিদর্শক মেজর সামছুল হায়দার সিদ্দিকী সাংবাদিকদের বলেন, "একজন প্রথম শ্রেণীর বন্দির যে সব সুযোগ সুবিধা পাওয়ার কথা তার সবকিছুই খালেদা জিয়া পাবেন। তিনি টিভি দেখতে এবং বিভিন্ন বই ও পত্রপত্রিকাও পড়তে পাড়বেন। পড়াশোনার জন্য তার কক্ষে চেয়ার-টেবিল দেওয়া হয়েছে।"
কারা মহাপরিদর্শক জানান, খালেদা জিয়া বিশেষ কারাগারের দ্বিতীয় তলার একটি কক্ষে থাকবেন। তবে প্রয়োজন হলে তিনি পাশের আরো চারটি কক্ষ ব্যবহার করতে পারবেন।"
বিশেষ কারাগারে খালেদা জিয়ার নিরাপত্তার ব্যাপারে মেজর সিদ্দিকী জানান, র্যাব ও পুলিশ সদস্যদের বাইরে চারজন মহিলা কারারক্ষীসহ মোট ২৪ জন কারারক্ষী খালেদা জিয়ার দেখাশোনা করবেন।
তিনি আরো বলেন, "বিশেষ কারাগারে আসার পর থেকে খালেদা জিয়া একবার শুধুমাত্র চা খেয়েছেন। তার পর থেকে তিনি বিশ্রামে রয়েছেন।"
অপর এক প্রশ্নের জবাবে কারা কর্মকর্তা বলেন, "সংসদ ভবন চত্বরে খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে সম্পূর্ণ পৃথক দুটি ভবনে রাখা হয়েছে। এ দুটি ভবনের মধ্যে দূরত্ব কমপক্ষে ৬০/৭০ গজ।"
খালেদা জিয়ার কক্ষে স্যাটেলাইট টেলিভিশনের সংযোগ দেওয়া হবে কিনা জানতে চাইলে মেজর সিদ্দিকী বলেন, "এ বিষয়টি পরে বিবেচনা করে দেখা হবে।"
এদিকে খালেদা জিয়াকে বিশেষ কারাগারে আনার আগে থেকেই সংসদ ভবন এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে র্যাব, পুলিশ ও দাঙ্গা পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, খালেদা জিয়ার নিরাপত্তার জন্য সংসদ ভবন চত্বরে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত দুইশ' পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএইচ/১৪২৩ ঘ.
bdnews24