২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার হলেন খালেদা জিয়া

ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ খালেদা জিয়াকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। সকাল আটটার কিছু পরে খালেদাকে বহনকারী ছাইরঙা নিশান পেট্রোল গাড়িটি আদালত চত্বরে প্রবেশ করলেও প্রচণ্ড ভিড়ের কারণে অন্তত পনেরো মিনিট তাদের গাড়ি থেকে নামানো সম্ভব হয়নি। সোয়া আটটার দিকে অফ হোয়াইট জর্জেট শাড়ি ও সানগ্লাস পরা খালেদা জিয়া এবং নীল রঙের জিন্স ও ছাইরঙের টি শার্ট পরা কোকোকে মহানগর হাকিম এবিএম আব্দুল ফাত্তাহর আদালতে হাজির করা হয়। আসামির কাঠগড়ার খালেদা ও কোকোকে চেয়ারে বসতে দেওয়া হয়। সোমবার সকাল সাড়ে সাতটার কিছু পরে ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ তাকে ঢাকা সেনানিবসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখান থেকে তাদের সরাসরি ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালতে নিয়ে যাওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 02:25 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ খালেদা জিয়াকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। সকাল আটটার কিছু পরে খালেদাকে বহনকারী ছাইরঙা নিশান পেট্রোল গাড়িটি আদালত চত্বরে প্রবেশ করলেও প্রচণ্ড ভিড়ের কারণে অন্তত পনেরো মিনিট তাদের গাড়ি থেকে নামানো সম্ভব হয়নি। সোয়া আটটার দিকে অফ হোয়াইট জর্জেট শাড়ি ও সানগ্লাস পরা খালেদা জিয়া এবং নীল রঙের জিন্স ও ছাইরঙের টি শার্ট পরা কোকোকে মহানগর হাকিম এবিএম আব্দুল ফাত্তাহর আদালতে হাজির করা হয়। আসামির কাঠগড়ার খালেদা ও কোকোকে চেয়ারে বসতে দেওয়া হয়। সোমবার সকাল সাড়ে সাতটার কিছু পরে ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ তাকে ঢাকা সেনানিবসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখান থেকে তাদের সরাসরি ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালতে নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তার হওয়ার ঠিক আগে খালেদা জিয়া টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি গ্রেপ্তারকে ভয় পান না। রোববার রাতে খালেদা ও কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে একটি দুর্নীতি মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে এই গ্রেপ্তারের ঘটনা ঘটলো। সোমবার ভোর পাঁচটার পর পুলিশ কর্মকর্তারা ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসায় প্রবেশ করে খালেদা ও তার ছেলে আরাফাত রহমান কোকোকে তাদের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেন। এর পরপরই ভোর ছয়টার দিকে খালেদা জিয়া টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদক সুমন মাহমুদকে এক বিশেষ সাক্ষাৎকারে বলেন "আমি গ্রেপ্তারকে ভয় পাই না। জনগণ আমার সঙ্গে আছে। বিএনপির বিরুদ্ধে এর আগেও ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে এটাই আমি তাদের কাছে আশা করি। আমি সারা জীবন জনগণের জন্য কাজ করেছি। জনগণের কাছেই বিচারের ভার দিয়ে গেলাম। আমি সবার কাছে দোয়া চাইছি।" তার আগে, ৫টা ৪০ মিনিটে বাসার কর্মচারী রুহুল আমিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''পুলিশ কর্মকর্তারা এখন ড্রইং রুমে। উনারা ম্যাডাম ও কোকো ভাইয়াকে রেডি হতে বলেছেন। তারা প্রস্তুতি নিচ্ছেন। ম্যাডাম নামাজ পড়ে বেরুবেন।" রোববার রাতে খালেদা জিয়া ও কোকোসহ মোট ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী রাত সোয়া ১১টার দিকে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানি (গ্যাটকো) নামের একটি প্রতিষ্ঠানকে দেওয়ায় সরকারের এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এ মামলায় অভিযোগ করা হয়েছে। মামলা দায়েরের আগে রাত এগারটা থেকেই ঢাকা সেনানিবাস এলাকায় খালেদা জিয়ার বাসার নিরাপত্তা জোরদার করা হয়। ভোর পাঁচটার দিকে ৬টি মাইক্রোবাস ও দুটি জিপে গোয়েন্দা পুলিশ এবং দুটি পিকআপে করে পুলিশ সদস্যরা জাহাঙ্গীর গেট দিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশ করে। এর কয়েক মিনিট পর দ্বিতীয় দফায় আরও ২০ থেকে ২৬ টি গাড়ির একটি বহরকে একই গেট দিয়ে ক্যান্টনমেন্ট প্রবেশ করতে দেখা যায়। সকাল সাড়ে সাতটার কিছু পরে খালেদা ও তার ছেলেকে বাসা থেকে বের করে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। গত ১৬ জুলাই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের দেড় মাস পর খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/পিবি/এলএইচ/জেকে/এমএইচবি/এসএইচ/০৮২৫ ঘ.