ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে কন্টেইনার ডিপো দুর্নীতির মামলাটি হওয়ার আগেই রোববার রাতে ঢাকা সেনানিবাস এলাকায় তার শহীদ মইনুল সড়কের বাসায় পুলিশি নিরাপত্তা আরো বাড়ানো হয়।
রাত সাড়ে ১২টায় একটি গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''বাসার নিরাপত্তা কিছুটা বাড়ানো হয়েছে। অনুমতি ছাড়া এখন আর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না।''
রোববার রাত দুটোয় এই প্রতিবেদন লেখার সময় ওই বাসার ভেতরে ২৭জন ও বাইরের সীমানা প্রাচীর ঘেঁষে ২৭ জন করে পুলিশ পালাক্রমে পাহারা দিচ্ছিলেন বলে জানা গেছে।
মূলত ১ এপ্রিল থেকেই নিরাপত্তার কথা বলে খালেদা জিয়ার স্বাভাবিক চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করে সরকার। গত ৭ মার্চ শহীদ মঈনুল সড়কের এই বাসা থেকেই খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে আটক করে যৌথবাহিনী। ১৫ এপ্রিল রাতে যৌথবাহিনী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে জিজ্ঞসাবাদ জন্য আটক করে। একদিন পর তাকে ছেড়ে দেওয়া হয়।
গত ৬ আগস্টের পর থেকে খালেদা জিয়াও বাসা থেকে আর বের হননি। সর্বশেষ ওইদিন তিনি ধানমন্ডিতে ছেলে তারেক রহমানের শ্বশুরের বাসা 'মাহবুব ভবনে' এক মিলাদ মাহফিলে অংশ নেন। তারেক রহমানের শ্বশুর নৌ-বাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মরহুম মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
গত শনিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা ও তার স্বামী জিয়াউর রহমানের কবরে ফুল দিতেও যাননি তিনি। খালেদা জিয়া তার আইনজীবীর মাধ্যমে সাংবাদিকদের জানান, নিরাপত্তার কারণে আইন প্রয়োগকারী সংস্থা তাকে বাসার বাইরে না যাওয়ার পরামর্শ দেয়। সে কারণেই তিনি স্বামীর কবর জিয়ারত করতে যেতে পারেননি।
খালেদা জিয়া বন্যার সময় ত্রাণ বিতরণের জন্য বন্যা দুর্গত এলাকায় যেতে চাইলেও সরকার নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে নিবৃত্ত করে। তবে টেলিকনফারেন্সেরে মাধ্যমে বিভিন্ন সময়ে তিনি দেশ ও দেশের বাইরে দলের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/জেকে/এমএইচবি/০০১৪ ঘ.
bdnews24