বগুড়া, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শহরতলীর মাটিডালি মোড়ে শুক্রবার বিকেলে বাস ও ট্রাকের সংঘর্ষে চার বাসযাত্রী নিহত ও কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বরযাত্রী নিয়ে বাসটি রংপুর থেকে বগুড়া যাচ্ছিল।
নিহতরা হলেন, রংপুরের হরিরামপুরের ফেরদৌসী (৮), সখিনা (৫০), রাজিয়া (৫২) ও রওশনারা (৩৫)।
গুরুতর আহতদের মধ্যে মিলন (২৫), জলিল (৪০), রাবেয়া (৩৫), এলিজা (২৮), মিঠু (১০), রাবু (১২), সেফা (৩৫), সাকিল (৯), সেকেন্দার (৭০), তাজুল (২০), এমদাদুল (২২), আনোয়ার (১২), মোরশেদ (৩০) ও সবুজকে (১২) বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক মাসুম আহাম্মেদ জানান, রংপুর থেকে বরযাত্রী নিয়ে বাসটি শহরের নিশিন্দারা এলাকায় যাচ্ছিল। বগুড়া থেকে একটি খালি ট্রাক রংপুর যাওয়ার পথে শহরতলীর মাটিডালি মোড়ে এসে নিয়ন্ত্রণ হারালে বাসটির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহতদের সবাই ওই বাসেরই যাত্রী।
নিহতদের লাশ ময়না তদন্তের জন্য শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ট্রাকটিকে আটক করতে পারেনি। এ ব্যাপারে একটি মামলা করা হবে বলে জানিয়েছেন মাসুম আহাম্মেদ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২১২৯ ঘ.
bdnews24