বাগেরহাট, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মংলা বন্দরের পশুর নদীর চ্যানেলে ৩৪০ টন ইউরিয়া সারসহ এমভি রোজ-১ নামে একটি বার্জ ডুবে গেছে।
বৃহস্পতিবার মধ্যরাতে বন্দরের ৮ নং মুরিং বয়ায় অবস্থানরত এমভি নির্মল ভুশান নামের একটি জাহাজ থেকে সার খালাসকালে ছোট আকারের এ জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (অপারেশন) মো. লুৎফর রহমান। একই সময় এমটি রিনা নামে একটি টোইংবোটও ডুবে যায়। তবে ডুবে যাওয়া বার্জ ও টাগের ৯ জন কর্মচারীর সবাই অক্ষত রয়েছেন বলে বন্দর কর্মকর্তা জানান।
ঘটনার পর মংলা বন্দর কর্তৃপক্ষের তিনটি উদ্ধারকারী নৌযান ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বন্দর কর্তৃপক্ষ এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ডুবে যাওয়া বার্জের সারেং নিজাম উদ্দিন শুক্রবার সকালে মংলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
বন্দর সূত্র জানায়, পানামার পতাকাবাহী জাহাজ এমভি নির্মল ভুশান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) জন্য ২০ হাজার টন ইউরিয়া সার নিয়ে গত ২ আগস্ট মংলা বন্দরে আসে। বৃহস্পতিবার রাতের দুর্ঘটনার আগে জাহাজ থেকে প্রায় ১৭ হাজার টন সার খালাস করা হয়।
ডুবে যাওয়া বার্জে ২০ কেজি ওজনের মোট ৬ হাজার ৮০০ বস্তা অর্থাৎ ৩৪০ টন ইউরিয়া বোঝাই করা হয়েছিল। এ সার নিয়ে বার্জটির খুলনা যাওয়ার কথা ছিল।
বন্দর কর্তৃপক্ষের সদস্য লুৎফর রহমান শুক্রবার বিকালে ঘটনাস্থল থেকে বলেন, "টোইং বোট ও বার্জ ডুবির ফলে বন্দর চ্যানেলের কোনও ক্ষতি হয়নি। বন্দর কর্তৃপক্ষের নিজস্ব উদ্ধারকারী নৌযান অনুসন্ধানী, হীরা ও মতি ডুবে যাওয়া বার্জটি পাশে সরিয়ে আনাসহ বার্জে থাকা সার অপসারণ শুরু করেছে।"
তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মংলা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন শরীফ আহসানকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে শুক্রবার রাতের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে খুলনার জে কে এন্টারপ্রাইজের মালিকানার নিমজ্জিত বার্জ এর সারেং নিজাম উদ্দিন মংলা থানায় করা সাধারণ ডায়েরিতে বৃহস্পতিবার রাতের দুর্ঘটনার জন্য জাহাজের ক্যাপ্টেনের অদূরদর্শিতা এবং আন্তর্জাতিক নেভিগেশন আইন লঙ্ঘনের অভিযোগ করেছেন।
তবে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে লুৎফর রহমান তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে কোনও মন্তব্য করতে রাজি হননি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৮২১ ঘ.
bdnews24