২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আটক সাংবাদিক শিমুল রিমান্ডে

চাঁদাবাজির অভিযোগে আটক দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি শেখ শওকত আলী শিমুল ও তার অপর দুই সহযোগীকে তিন দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার পুলিশ শিমুলসহ তিন জনকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডের আবেদন জানান। তখন ম্যাজিস্ট্রেট সরোজ কুমার নাথ মঙ্গলবার বিকালে এই রিমাণ্ড মঞ্জুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 02:26 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

বাগেরহাট, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে আটক দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি শেখ শওকত আলী শিমুল ও তার অপর দুই সহযোগীকে তিন দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার পুলিশ শিমুলসহ তিন জনকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডের আবেদন জানান। তখন ম্যাজিস্ট্রেট সরোজ কুমার নাথ মঙ্গলবার বিকালে এই রিমাণ্ড মঞ্জুর করেন। তবে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ বাগেরহাটের বাইরে থাকায় মঙ্গলবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়নি। গত শুক্রবার দুপুরে তাপস সাহা নামে বাগেরহাটের এক ব্যবসায়ীর নামে সংবাদ পরিবেশনের হুমকি দিয়ে তার কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা আদায়কালে সেনাবাহিনী বাগেরহাট সাংবাদিক ইউনিয়ন অফিস থেকে সাংবাদিক শিমুল, তার সহযোগী শেখ আতাউর রহমান ও কাজী শিহাবুল ইসলামকে গ্রেপ্তার করে। শিমুল বাগেরহাট সাংবাদিক ইউনিয়ন নামের ওই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক। ঘটনার পর দৈনিক ভোরের কাগজ শিমুলকে জেলা সংবাদদাতার দায়িত্ব থেকে অব্যাহতি দেয় এবং বাগেরহাট সাংবাদিক ইউনিয়ন তার সদস্য পদ স্থগিত করে। এদিকে সেনাবাহিনীর হাতে আটক রামপাল সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান জামুকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দশ গম্বুজ মসজিদ এলাকা থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী রফিকুল ইসলাম মুকুলকে (২৬) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সে বাগেরহাট সদর উপজেলার নোনাডাঙা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২৫ ঘ.