চট্টগ্রাম, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অর্ন্তভুক্ত দেশগুলোর শিপিং সেক্টরের প্রতিনিধিদের নিয়ে "সার্ক শিপার্স কাউন্সিল" গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী ৩০ ও ৩১ আগস্ট ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠেয় অ্যাসোসিয়েশন ফর শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলংকা (এস্কোবিপস) এর সম্মেলনে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হবে।
মঙ্গলবার চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এস্কোবিপস-এর বিদায়ী চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব আলী এ তথ্য জানান।
তিনি জানান, ভারতের নৌ-পরিবহন মন্ত্রী মুম্বাইয়ে এস্কোবিপস সম্মেলনের উদ্বোধন করবেন। ভারতসহ বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকার শিপার্স কাউন্সিলের প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সম্মেলনে যোগ দেবে। মাহবুব আলীর নেতৃত্বে প্রতিনিধি দলটি বুধবার মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
মাহবুব আলী জানান, তিনি নিজে সম্মেলনে সার্ক শিপার্স কাউন্সিল গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করবেন। তিনি বলেন, "আমি আশা করছি প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহিত হবে।"
তিনি আরও বলেন, "কাউন্সিল গঠিত হলে তা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্তের উম্মোচন ঘটাবে। সার্ক অঞ্চলভুক্ত ১৬০ কোটি মানুষের ভাগ্য উন্নয়নে রাখবে সুদূর প্রসারী অবদান।"
চট্টগ্রাম বন্দর পরিস্থিতি সম্পর্কে মাহবুব আলী বলেন, "অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও বন্দরে বর্তমানে বার্ষিক প্রায় ১০ লাখ টিইউস'স কন্টেইনার হ্যান্ডলিং হচ্ছে। নির্মাণাধীন নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পুরোপুরি চালু হলে কন্টেইনার হ্যান্ডলিং এর পরিমাণ বছরে কমপক্ষে আরও ৫ লাখ টিইউস'স বেড়ে যাবে।"
তিনি জানান, এস্কোবিপস এর চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আগামী সম্মেলনের মাধ্যমে তিনি ভারতের প্রতিনিধির কাছে চেয়ারম্যানের দায়িত্বভার হস্তান্তর করবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/এফএইচবি/এমআই/১৯৫০ ঘ.
bdnews24