২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সন্ত্রাসী আহত, অস্ত্র উদ্ধার

মোহনপুর উপজেলায় সোমবার রাতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সন্ত্রাসী নছি বাহিনীর প্রধান নছি উদ্দিন আহত হয়েছে। গুলিবিদ্ধ নছি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশি এক নলা বন্দুক, একটি দোনলা বন্দুক, ২ রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি ছোরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 11:13 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

রাজশাহী, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মোহনপুর উপজেলায় সোমবার রাতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সন্ত্রাসী নছি বাহিনীর প্রধান নছি উদ্দিন আহত হয়েছে। গুলিবিদ্ধ নছি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশি এক নলা বন্দুক, একটি দোনলা বন্দুক, ২ রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি ছোরা। মঙ্গলবার র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, সোমবার রাতে টহল দেওয়ার সময় মোহনপুর-তানোর সড়কের পাশে আমরাইল গ্রামে সন্দেহভাজন এক দল লোক দেখে র‌্যাব গাড়ি থামায়। ওই সময় ওই দলটি র‌্যাবকে লক্ষ করে গুলি চালায়। র‌্যাবও তখন পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যাওয়ার সময় আলী হোসেন (৪০) নামে এক জনকে র‌্যাব গ্রেপ্তার করে। তার কাছে একটি দেশি দোনলা বন্দুক পাওয়া যায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় নছিকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানায়। ওই সময় ঘটনাস্থল থেকে বাকি অস্ত্রগুলো উদ্ধার করা হয়। র‌্যবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত নছি উদ্দিন ও আলী হোসেনের বাড়ি মোহনপুরের মোহব্বতপুরে। দুজনের বিরুদ্ধে মোহনপুর থানায় পাঁচটি মামলা রয়েছে। এদিকে, গত সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারে সবদের আলী নামে এক ব্যক্তিকে দুটি দেশি ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানায়। একই উপজেলার সেলিমাবাদ এলাকা থেকে ভাগ্যমানপুর এলাকার নুরুল ইসলাম ওরফে সুমন (২৪), কালিগঞ্জের গাজলু মিয়াকে (৩৫) ৪৮৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। র‌্যাব আরও জানায়, সোমবার দুপুরে রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর রেলগেটে এলাকা থেকে চক জামিরার শরিফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা করা হয়েছে । একই দিন বিকালে রাজশাহীর মতিহার থানার ইউসুফপুর এলাকায় অভিযান চালিয়ে ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৩ ঘ.