২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে পুলিশের উপস্থিতিতে এক পরিবারের ওপর হামলার অভিযোগ

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কয়েকজন পুলিশ সদস্যের উপস্থিতিতে একটি পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। তবে সে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। এদিকে জেলা পুলিশ সুপার বলেছেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 09:54 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

পঞ্চগড়, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কয়েকজন পুলিশ সদস্যের উপস্থিতিতে একটি পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। তবে সে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। এদিকে জেলা পুলিশ সুপার বলেছেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেবীগঞ্জের দণ্ডপাল ইউনিয়নের মাড়েয়া কালিগঞ্জ বাজারের বাসিন্দা আবুল হোসেন মঙ্গলবার সাংবাদিকদের জানান, দেবীগঞ্জ শহরের পরিমল দে সরকার গত সোমবার দুপুরে তার বাড়ির লাগোয়া সাড়ে ১৬ শতক জমি কিনেছেন দাবি করে সীমানা প্রাচীর দিতে আসেন। ওই জমি নিয়ে আদালতে মামলা থাকায় সব কিছু মীমাংসার পর জমির দখল নিতে বললে পরিমল সরকার ও তার সঙ্গে থাকা লোকজন তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে আবুল হোসেনসহ তার মেয়ে আকলিমা (৯), ভাস্তে ইউনুস আলী (২৬), বাবু (১৮) ও ভাস্তি ফাতেমা (১৯) আহত হন। আহতদের মধ্যে ফাতেমা পঞ্চগড় সদর হাসপাতালে এবং বাকিরা দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন বলে আবুল হোসেন জানান। তিনি জানান, তার পরিবারের ওই জমিটি তার দুই বোনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লিখিয়ে নেন পরিমল সরকার। এ নিয়ে মামলা চলছে। আবুল হোসেন আরও জানান, হামলার সময় ঘটনাস্থলের কাছেই দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) আলমগীরসহ কয়েকজন কনস্টেবল দাঁড়িয়েছিলেন। হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় এবং পুলিশ উপস্থিত থাকায় গ্রামবাসী হামলা প্রতিরোধে এগিয়ে আসার সাহস পায়নি। আবুল হোসেন বলেন, "ওই সময় আমার মা রহিমা বেগম ওসির কাছে বিচার চাইতে গেলে পুলিশের সামনেই হামলাকারীরা তাকে লাথি মারে। পরে হামলাকারীরা পুলিশের মটর সাইকেলে চড়েই চলে যায়।" তিনি আরও অভিযোগ করেন, এর আগে থেকেই প্রতিপক্ষ নানা হুমকি-ধমকি দিয়ে আসছিলো। তখন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে চাইলেও ওসি তা নেননি। তাই বাধ্য হয়ে পঞ্চগড় প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে গত ২৪ আগস্ট একটি মামলা করি। হামলার পর সোমবারই স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক ও জেলা পুলিশ সুপারের কাছে প্রতিবিধান চেয়ে চিঠি দিয়েছেন বলে জানান আবুল হোসেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে ওসি আমিনুল সব অভিযোগ অস্বীকার করে বলেন, "নারী নির্যাতনের একটি মামলার তদন্ত করতে আমি ওই দিন কালীগঞ্জ বাজারে যাই। সেখানে গিয়ে এ ঘটনার কথা জানতে পারি। তবে আবুল হোসেনের বাড়িতে যাইনি। আক্রান্তরা মামলা বা অভিযোগ দিলে অবশ্যই তা নেওয়া হবে।" একই ভাবে পরিমল দে সরকারও অভিযোগ অস্বীকার করে বলেন, "আবুল হোসেনের লোকজনই সেদিন আমাদের ওপর আক্রমণ করতে এসেছিল। সেখানে পুলিশ উপস্থিত ছিল না।" এ বিষয়ে পুলিশ সুপার মো. হারুন অর রশীদ বলেন. "আমি এখনও অভিযোগ পাইনি। তবে অভিযোগ সত্য হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫২ ঘ.