রাজবাড়ি, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মঙ্গলবার সকালে দৌলতদিয়ায় পদ্মা নদীতে ভাসমান এক যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে। পুলিশ বলেছে, তার বয়স ২৫ থেকে ২৮ বছর।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্থানীয়রা নদীতে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। তখন পুলিশ গিয়ে লাশটি নিয়ে আসে।
পুলিশের ধারণা, কোনও সন্ত্রাসী চক্র ওই যুবককে হত্যা করে গলা কেটে লাশটি নদীতে ফেলে যায়। ময়না তদন্তের জন্য তার লাশ রাজবাড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। লাশটি কার এবং মাথাটি কোথায় সে বিষয়ে পুলিশ অনুসন্ধান শুরু করেছে বলে ওসি নজরুল ইসলাম জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৪ ঘ.
bdnews24