ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিবিসির সাংবাদিক শাহরিয়ার করিম সোমবার রাতে গুলশানের কাকলি সিগন্যালে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তার দুটি মোবাইল ফোন সেট, এটিএম কার্ড এবং নগদ কিছু অর্থসহ জরুরি কাগজপত্র নিয়ে গেছে।
শাহরিয়ার করিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, অফিস থেকে ফেরার পথে তাকে বহনকারী সিএনজি- অটোরিকশাটি রাত সাড়ে ৯টার দিকে গুলশান কাকলি সিগনালে দাঁড়ালে এক ব্যক্তি বাম পাশ থেকে অটোরিকশায় লাফিয়ে ওঠার চেষ্টা করে। তিনি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু তখুনি ডান পাশ থেকে একজন অটোরিকশায় উঠে তার কোমরে ছুরি ঠেকায়। এরপর বাম পাশ থেকে আরেকজন উঠে তার মোবাইল ফোন, মানিব্যাগ, এটিএম কার্ড, পরিচয়পত্র এবং জরুরি কাগজপত্র নিয়ে দৌড়ে চলে যায়।
এ ব্যাপারে রাতেই শাহরিয়ার করিম গুলশান থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান।
গুলশান থানার উপ-পরিদর্শক মোহাম্মদ হেলাল উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানায়, অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। পুলিশের একটি দল কাকলি মোড় এলাকায় ছিনতাইয়ের ব্যাপারে খোঁজ করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এমএইচবি/০১১৯ ঘ.
bdnews24