ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস পদত্যাগ করেছেন। রোববার কোম্পানিটি এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয় আগামী ১ অক্টোবর থেকে তার পদত্যাগ কার্যকর হবে। তিনি তিন বছর গ্রামীণফোনের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইসঙ্গে গ্রামীণফোনের মূল প্রতিষ্ঠান টেলিনরে তার ১১ বছরের চাকরি শেষ হতে যাচ্ছে।
রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সঙ্গে এক সাক্ষাৎকারে এরিক অস বলেন, তিনি এরপর ইন্দোনেশিয়ায় একটি মোবাইল কোম্পানিতে কাজে যোগ দেবেন।
তবে ওই কোম্পানির নাম প্রকাশ না করে তিনি বলেন, "ইন্দোনেশিয়াতে টেলিনরের কোনো ব্যবসা না থাকায় আমি টেলিনর থেকেও পদত্যাগ করেছি।"
এরিক অস বলেন, "গ্রামীণফোনে আমার স্থলাভিষিক্ত কে হবেন আপনারা পরে তা জানতে পারবেন।"
এরিক অস চাকরি ছেড়ে দেওয়ার খবর প্রথমে তার সহকর্মীদের ই-মেইল করে জানান। তিনি বলেন, "মেইল করার পর থেকে আমার কাছে অসংখ্য জবাব আসছে এবং মাঝে মাঝে আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়ছি।"
তিনি বলেন, "গ্রামীণফোনের কর্মকর্তা-কর্মচারীরাই কোম্পানিটির সবচেয়ে বড় সম্পদ। উন্নত সেবা প্রদানে তাদের প্রতিশ্র"তি আমার স্মৃতিতে সব সময় উজ্বল থাকবে।"
২০০৪ সালে গ্রামীণফোনের সিইও হওয়ার আগে এরিক অস দু'বছর কোম্পানির বোর্ড মেম্বার ছিলেন। তিনি এই পদ গ্রহণ করার আগে মালেশিয়ায় টেলিনরের প্রতিষ্ঠান ডিআইজিআই-তে কর্মরত ছিলেন।
তিনি যখন বাংলাদেশে গ্রামীণফোনের দায়িত্ব নেন তখন গ্রামীণফোনে গ্রাহক ছিল ২০ লাখ। গত তিন বছরে এর গ্রাহক সংখ্যা বেড়ে হয়েছে প্রায় এক কোটি ৪০ লাখ।
এরিক বলেন, "গ্রাহক এই সংখ্যায় না বাড়লে আমরা কখনো কলরেট কমাতে পারতাম না। আমার দায়িত্ব নেওয়ার সময় আমরা মাত্র ৫০ শতাংশ এলাকায় সেবা দিতে পারতাম আর এই মুহূর্তে আমরা দেশের প্রায় ৯৮ শতাংশ মানুষকে আমাদের নেটওয়ার্কের আওতায় আনতে পেরেছি।"
২০০৯ সালের মধ্যে দেশের মোবাইল গ্রাহকের সংখ্যা প্রায় দ্বিগুন হবে বলে মনে করেন গ্রামীণফোনের এই বিদায়ী প্রধান কর্মকর্তা।
ভবিষ্যতে আবার ঢাকায় আসবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, "বাংলাদেশ কতটুকু উন্নতি করেছে দেখতে পারলে আমি খুশি হবো।" একটু বিরতি নিয়ে তিনি বলেন, "আমি নিশ্চিত এদেশ উন্নতি করবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে/এডি/এফএইচবি/এমএইচবি/২২৩৫ ঘ.
bdnews24