ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -মিগ- ২৯ যুদ্ধ বিমান ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলা বাতিলের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনের ওপর হাইকোর্টে শুনানি অব্যাহত রয়েছে। সোমবারও এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চে শেখ হাসিনার পক্ষে শুনানি আপাতত শেষ করেছেন তার কৌঁসুলিরা। সরকারপক্ষের বক্তব্যের পর তারা আবার জবাব দেবেন বলে জানিয়েছেন।
মামলাটি বাতিলের জন্য অপর ৬ আসামির আবেদনের মধ্যে বিমান বাহিনীর সাবেক প্রধান জামালউদ্দিন আহমেদের আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। হাইকোর্টের একই বেঞ্চে এরপর সাবেক সেনাবাহিনী প্রধান মোস্তাফিজুর রহমান, এয়ার কমোডর (অব) মীর্জা আখতার মারুফ, সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেন, যুগ্মসচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাদ ও ইউনিক গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূর আলীর আবেদনের ওপর পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে।
সোমবারের শুনানিতে অংশ নিয়ে শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার শফি আহমেদ ও সিনিয়র অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, মিগ-২৯ ও এফ-৭ যুদ্ধ বিমান ক্রয়ের প্রক্রিয়া শুরু হয় ১৯৯৪ সালে তৎকালীন বিএনপি সরকার আমলে। তারা বলেন, স্বচ্ছভাবে সব প্রক্রিয়া অনুসরণ করেই ২০০০ সালে ৮টি মিগ-২৯ কেনা হয় রাশিয়া থেকে। পরে জোট সরকার চীন থেকে ৮টি এফ -৭ যুদ্ধ বিমান কেনে।
জামালউদ্দিনের পক্ষে শুনানিতে অংশ নিয়ে অ্যাডভোকেট এনএফএস মেজবাহউদ্দিন বলেন, ১৯৯১ সালের প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাসে চট্টগ্রাম বিমান ঘাঁটির বিমান ধংস হয়ে যাওয়ার পর মিগ-২৯ ও এফ-৭ বিমান কেনার সিদ্ধান্ত হয়। এতে কোন অনিয়ম বা দুর্নীতি হয়নি।
শেখ হাসিনাসহ ৫ জনকে আসামি করে ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় মিগ-২৯ ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলাটি দায়ের করে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো। ২০০৩ সালের ২৯ জানুয়ারি এ মামলায় শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরের মার্চে মামলাটি বাতিলের আবেদন জানান শেখ হাসিনাসহ ৭ আসামি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/১৮১৩ ঘ.
bdnews24