ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ঢাকা বোর্ডে জিপিএ ৫ পাওয়ার ক্ষেত্রে হলিক্রস কলেজ রয়েছে পাঁচ নম্বরে। এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে এ কলেজের ২৩৯ জন ছাত্রী।
উল্লসিত হলিক্রস ছাত্রীরা বৃষ্টির মধ্যেই কলেজের মাঠে একে অপরের কাঁধে হাত রেখে পুরো মাঠ ঘুরে বেড়ায়। ক্যামেরা দেখার সঙ্গে সঙ্গে 'ভি' চিহ্ন দেখাতেও ভোলেনি তারা।
অন্যদিকে জিপিএ ৫ না পাওয়া কারো কারো কাছে বৃষ্টিধারা আর চোখের পানি একাকার হয়ে যায়।
এ কলেজের ৭৩০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুত্তীর্ণ হয়েছে মাত্র তিনজন। বিজ্ঞান বিভাগে একজন ও মানবিকে দুইজন। হলিক্রসের ছাত্রীরা এবারই প্রথমবারের মতো ব্যবসা শিক্ষা থেকে অংশ নিয়ে পাশ করেছে সবাই। ব্যবসা শিক্ষায় ২২৯ জন ছাত্রী অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ১১ জন। বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে ৩১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২২২ জন। আর মানবিকে জিপিএ ৫ পেয়েছে ১৮২ জনের মধ্যে ৬ জন ।
হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার ম্যারিয়েন ট্রিজা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "হলিক্রসের মেয়েরা এবার গতবারের তুলনায় ভালো ফল করেছে। আমাদের কলেজ থেকে এবার প্রথম বারের মতো মেয়েরা ব্যবসায় শিক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে।"
ভালো ফলাফলের কারণ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, "আমাদের শিক্ষকরা ছাত্রীদের খুব প্রেরণা দেন। মেয়েরাও খুব পরিশ্রম করে। মেয়েদের অভিভাবক ও আমাদের স্টাফরা সবাই খুব কেয়ারফুল।"
বিজ্ঞানে জিপিএ ৫ পাওয়া মারিয়া ফলাফল পেয়েই খুশিতে আত্মহারা হয়ে কলেজের শিক্ষক থেকে শুরু করে দারোয়ানেরও পা ধরে সালাম করে। তার মতো আরো অনেককেই দেখা যায় গুরুজনের পা ছুঁয়ে দোয়া নিতে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে/১৭৫০ঘ.
bdnews24