২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাসে ডাকাতি, আহত ১৫

বরিশাল শহরের প্রবেশদ্বার ক্যাপ্টেন মহিউদ্দিন (দোয়ারিকা) সেতুর ঢালে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের একটি নৈশকোচে রোববার ভোররাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন চালকসহ ১৫ আরোহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 11:57 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

বরিশাল, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশাল শহরের প্রবেশদ্বার ক্যাপ্টেন মহিউদ্দিন (দোয়ারিকা) সেতুর ঢালে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের একটি নৈশকোচে রোববার ভোররাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন চালকসহ ১৫ আরোহী। আহত যাত্রী দেলোয়ার হোসেনের স্ত্রী বরগুনার সোনাখালীর বাসিন্দা সুমী বেগম (২০) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত সোয়া ৯টার দিকে বাসটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশে রওনা দেয়। মাওয়া ফেরিঘাট থেকে ৮-১০ জন যাত্রীবেশী ডাকাত বাসটিতে ওঠে। ভোররাত ৪টার দিকে ওই ডাকাত দল দোয়ারিকা সেতুর ঢালে নতুনহাট নামে এলাকায় নেমে যাওয়ার জন্য চালককে বাস থামাতে বলে। সুমী বেগম বলেন, "হেলপার বাসের তালাবদ্ধ গেট খোলার সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে চালককে এলোপাথাড়ি কুপিয়ে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ডাকাত দল। এর পর যাত্রীদের কুপিয়ে এবং মারধর করে লুটপাট চালিয়ে নেমে যায় ডাকাত দল।" আহতদের মধ্যে চালক রুস্তম আলী (৪৫), যাত্রী নুরে আলম (২৬) এবং দেলোয়ার হোসেন (৩০) কে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের সুপারভাইজার বেল্লাল হোসেন বলেন, যাত্রীদের কাছ থেকে ডাকাত দল কত টাকার মালামাল লুট করেছে তা জানা যায়নি। তিনি অভিযোগ করেন, ডাকাতির পরপর ফোনে গৌরনদী হাইওয়ে পুলিশকে জানানো হলেও তারা কোনও পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার বলেন, "ডাকাতির ঘটনাস্থল বাবুগঞ্জ থানায়। এ ব্যাপারে আমাদের করার কিছুই নেই।" সুগন্ধা পরিবহনে ডাকাতির কথা স্বীকার করে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী হায়দার মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম'কে বলেন, "সকালের দিকে বরিশালের পুলিশ সুপার তৌফিক মাহবুব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ এবং উজিরপুর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।" বাসের সুপারভাইজার বেল্লাল হোসেন বাদি হয়ে এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে ওসি হায়দার মিয়া জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৭ ঘ.