চট্টগ্রাম, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এইচএসসিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবছর পাশের হার ৬১ দশমিক ৩৬ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৬১ দশমিক ৪৫ শতাংশ।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মুজিবুল আলম চৌধুরী সকাল সাড়ে এগারটায় সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। পরীক্ষা নিয়ন্ত্রক জানান, গতবারের চেয়ে এবার মফস্বলের ফলাফল ভাল হয়েছে।
পাশকৃত শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের পাশের হার ৬০ দশমিক ৯৭ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৬১ দশমিক ৮২ শতাংশ। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৩৭ হাজার ৪১৪ জন পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে পাশ করেছেন ২২ হাজার ৭৫৯ জন। এর মধ্যে ছাত্রী ১০ হাজার ৫১৩ জন।
বিজ্ঞান বিভাগ থেকে এবার পাশ করেছে ৬১ দশমিক তিন শতাংশ, মানবিক বিভাগ থেকে ৫৩ দশমিক ০২ শতাংশ এবং ব্যবসা শিক্ষায় ৬৬ দশমিক ৯৪ শতাংশ। চট্টগ্রাম মহানগরীতে পাশের হার ৭০ দশমিক ৪০ শতাংশ। মহানগরীর বাইরে পাশের হার ৫২ দশমিক ৩৮ শতাংশ।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৯১১ জন। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে চট্টগ্রাম কলেজ। এ কলেজের ২৭৯ জন জিপিএ-৫ পেয়েছে। অপরদিকে হাজী মুহাম্মদ মোহসীন কলেজ থেকে ১৭৮ জন, ইস্পাহানী কলেজ থেকে ১০৬ জন এবং চট্টগ্রাম কমার্স কলেজ থেকে ৯২ জন জিপিএ-৫ পেয়েছে ।
চট্টগ্রামের কাফকো স্কুল ও কলেজ এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে সবাই পাশ করেছে। অপরদিকে তিনটি কলেজ থেকে কেউ পাশ করেনি। খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজার স্কুল ও কলেজের ৮ ,একই জেলার লক্ষীছড়ির ১১ এবং টেকনাফের আলহাজ আলী আছিয়া কলেজের একমাত্র পরীক্ষার্থীর মধ্যে কেউই কৃতকার্য হননি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এসকে/১৩১৮ঘ.
bdnews24