ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক হারুন-অর-রশীদকে চারদিনের পুলিশ রিমান্ড দিয়েছে মহানগর মুখ্য আদালত। তাদের বিরুদ্ধে জরুরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
এছাড়া একই আদালত জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলালের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
শনিবার দুপুরে অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক হারুন-অর-রশীদ ও আজিজুল বারী হেলালকে পর্যায়ক্রমে মুখ্য হাকিম আহসান কবীরের আদালতে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০ আগস্টের ঘটনা ও পরবর্তী ভাংচুর অগ্নিসংযোগে ছাত্র-জনতাকে মদদদানের অভিযোগ আনা হয়।
অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুন-অর-রশীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় উস্কানি দেওয়া ও জরুরি বিধিমালা সর্ম্পকে উস্কানিমূলক বক্তব্যদান, বিশ্ববিদ্যালয়ের জিমন্যাশিয়ামের দিকে ছাত্র-জনতাকে আক্রমণে মদদদান ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়।
আটক অধ্যাপকদের বিরুদ্ধে জরুরি বিধিমালা ৩(৪) ধারা লঙ্ঘনের অভিযোগে শাহবাগে থানায় দায়ের করা হয়েছে। এই ধারায় বেআইনী ভাংচুর ও হামলা ও অগ্নিসংযোগের বিষয়টি রয়েছে।
শাহবাগ পুলিশ ১০দিনের রিমান্ড চাইলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।
অধ্যাপকদ্বয়ের পক্ষে সুপ্রিম্র কোর্টের সাবেক সভাপতি মাহবুবে আলম, সৈয়দ রেজাউর রহমান খান, মমতাজ উদ্দিন মেহেদিসহ অর্ধশতাধিক আইনজীবী ও হেলালের পক্ষে অ্যাডভোকেট সানাহউল্লাহ মিয়া উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর আড়াইটায় ছাত্রনেতা হেলালকে হাজির করার পর শাহবাগ থানা পুলিশ তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরুরি বিধিমালা লঙ্ঘন করে জনমনে ত্রাস সৃষ্টি, সাধারণ ছাত্র-শিক্ষকদের মধ্যে ভীতি সৃষ্টি ও শিক্ষার পরিবেশ বিনষ্ট করার অভিযোগ এবং টিএসসি, উপাচার্যের বাসভবন, এফ রহমান হলের সামনে গাড়ির টায়ারে আগুন ধরিয়ে যান চলাচলের বাধা সৃষ্টি ,নীলক্ষেত পুলিশ ফাঁড়ি আক্রমণসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়।
আদালতের প্রসিকিউশন পুলিশ এম এ হক হেলালের অভিযোগ পড়ে শুনিয়ে ১০ দিনের রিমান্ড চান। পরে মুখ্য হাকিম ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মধ্য রাতে বিশ্ববিদ্যালয়ের বাসা থেকে যৌথ বাহিনী দুই শিক্ষককে আটক করে।
শুক্রবার সকালে গোয়েন্দা পুলিশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি আজিজুল বারী হেলালকে আটক করে।
গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসের টাওয়ার ভবনের বাসা থেকে অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুন- অর- রশিদকে যৌথ বাহিনীর সদস্যরা আটক করে। জিজ্ঞাসাবাদের কথা বলে তাদেরকে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, প্রায় ৩৬ ঘন্টা পর পুলিশ এ দুই শিক্ষককে আদালতে হাজির করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এসএম/পিবি/এসকে/১৬৩৫ ঘ.
bdnews24