চুয়াডাঙ্গা, আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা শহর থেকে আওয়ামী লীগ ও বিএনপির ছয় শীর্ষ নেতাকে আটক করেছে যৌথবাহিনী। পুলিশ জানিয়েছে, বুধবার চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রদের বিক্ষোভে মদদ দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দার, যুগ্ম সম্পাদক আসাদুল হক বিশ্বাস, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক সরদার আলী হোসেন, সদর থানা বিএনপির সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল ওহাব মল্লিক, যুবদল নেতা নাজমুল হক স্বপন ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান।
এই ছয় জনের প্রত্যেককে বুধবার গভীর রাতে নিজেদের বাড়ি থেকে আটক করা হয় বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা।
জেলার পুলিশ সুপার মফিজউদ্দীন আহমেদ বলেন, "সরকারি কলেজে বুধবার ছাত্র বিক্ষোভে মদদ দেওয়াসহ জরুরি আইন ভেঙে উস্কানিমূলক তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/জেকে/এসকে/১৪০০ ঘ.
bdnews24