ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় অস্ত্র মামলায় আশিয়ান সিটি ডেভেলপমেন্ট লি. এর তিন কর্মকর্তার জামিন বাতিল করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক এ আদেশ দেন।
গত ২৭ জুন ঢাকার অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম মো. হেলাল উদ্দিন আশিয়ান সিটি ডেভেলপমেন্ট লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, ব্যবস্থাপক প্রশাসন একেএম হান্নান, কর্মকর্তা এসএম আবদুর রহমানকে জামিন দিয়েছিলেন। গত ১৪ জুন রাজধানীর দক্ষিণ খানের মজিবর রহমান নামের এক ব্যক্তি ওই তিনজনসহ র্যাবের সোর্স মো. মানিককে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ওই চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার পর মামলাটি বিচারের জন্য ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে পাঠানো হয়।
মঙ্গলবার ছিল অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার দিন। কিন্তু মানিক ছাড়া বাকি কেউ আদালতে হাজির ছিলেন না। তাদের পক্ষের আইনজীবী আদালতে হাজিরা মওকুফের আবেদন জানালে বিচারক তা খারিজ করে দিয়ে তাদের জামিন বাতিলের নির্দেশ দেন।
মামলার বিবরণে বলা হয়, বাদীকে শক্রতাবশত ফাঁসানোর জন্য র্যাবের সোর্স মানিককে দিয়ে আশিয়ান সিটির ওই তিন কর্মকর্তারা কৌশলে বাদির বসত বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র রেখেছিলেন।
২৭ জুন ওই তিনজনের জামিনের আদেশে হাকিম হেলালউদ্দিন বলেন, "অস্ত্র যার দখল থেকে পাওয়া যাবে সে-ই হবে মামলার আসামি। অথচ যার ঘর থেকে অস্ত্র পাওয়া গেছে সে হয়েছে বাদী। নিজেদের মধ্যকার প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই এই মামলা হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/জেকে/২২২৭ ঘ.
bdnews24