২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থঋণ আদালতের অমীমাংসিত মামলার জন্য বিশেষ বেঞ্চ গঠনের দাবি

অর্থঋণ বিধিমালা সংশোধন ও একই সঙ্গে অর্থঋণ আদালতের অমীমাংসিত মামলা দ্রুত নিস্পত্তির লক্ষ্যে উচ্চ আদালতে বিশেষ বেঞ্চ গঠনের দাবি জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ে আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে এক বৈঠকে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এর নেতৃবৃন্দ এ দাবি জানান। উপদেষ্টা মইনুল হোসেন বলেন, ইতোমধ্যে একটি বেঞ্চ রয়েছে। তাই নতুন করে বেঞ্চ গঠনের আর প্রয়োজন নেই। তবে প্রয়োজনে প্রস্তাবনাগুলো যাচাই বাছাই করে বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 10:19 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অর্থঋণ বিধিমালা সংশোধন ও একই সঙ্গে অর্থঋণ আদালতের অমীমাংসিত মামলা দ্রুত নিস্পত্তির লক্ষ্যে উচ্চ আদালতে বিশেষ বেঞ্চ গঠনের দাবি জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ে আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে এক বৈঠকে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এর নেতৃবৃন্দ এ দাবি জানান। উপদেষ্টা মইনুল হোসেন বলেন, ইতোমধ্যে একটি বেঞ্চ রয়েছে। তাই নতুন করে বেঞ্চ গঠনের আর প্রয়োজন নেই। তবে প্রয়োজনে প্রস্তাবনাগুলো যাচাই বাছাই করে বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। তিনি ব্যাংকারদের তাদের প্রস্তাবনা লিখিত আকারে জমা দেওয়ার পরামর্শ দেন। মইনুল হোসেন আরও বলেন, "ব্যাংকের অর্থ জনগণেরই। এ টাকার যথাযথ ব্যবহার করতে হবে। এ জন্য ব্যাংকারদের যথাযথ ব্যবস্থা নিতে হবে।" ঋণ আদায় না হওয়ার ব্যাপারে তিনি ব্যংকারদের দায়ী করে বলেন, "ব্যাংক যে খেলাপি ঋণ আদায় করতে পারছে না তার পেছনে ব্যাংকাররাও বেশ কিছুটা দায়ী। তারা যথাযথভাবে ব্যাংক ঋণ দিচ্ছেন না। এখন যে কেউ চাইলেই ঋণ পাচ্ছে।" ঋণ খেলাপের কারণ হিসেবে উপদেষ্টা বলেন, "ব্যাংককে ম্যানেজ করে অনেক কিছু করা যায়। তাই অনেকে টাকা নিয়েও পরিশোধ করছে না।" বৈঠকে ব্যাংকাররা জানান, চার বছর আগে সারাদেশে অর্থ ঋণ আদালতে মামলার সংখ্যা ছিল প্রায় এক লাখ। চার বছরে সরকারি উদ্যোগে এর শতকরা ৫৯ ভাগ নিস্পত্তি হয়েছে। এ ছাড়া ২৫ ভাগ খেলাপি ঋণ আদায় করাও হয়েছে। উচ্চ আদালতে রিট হওয়ার কারণে সাড়ে চার হাজার মামলা ঝুলে আছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান এম আমিনুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মুর্শিদ কুলি খান, অর্থ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম তারেক, আইন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হাবিবুল আউয়াল প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এএল/এসকে/১৫৪৬ ঘ.