২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি মদদের অভিযোগে সরদার আমজাদের বিরুদ্ধে মামলা

সাবেক মন্ত্রী ও রাজশাহী আওয়ামী লীগ নেতা সরদার আমজাদ হোসেনের বিরুদ্ধে জঙ্গি মদদদান, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 04:44 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

রাজশাহী, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী ও রাজশাহী আওয়ামী লীগ নেতা সরদার আমজাদ হোসেনের বিরুদ্ধে জঙ্গি মদদদান, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। বাগমারা উপজেলার যাত্রাগাছি গ্রামের আব্দুস সোবহান বাদী হয়ে রোববার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। এতে সরদার আমজাদ হোসেন ছাড়াও ৩৫ আওয়ামী লীগ নেতাকর্মী ও জেএমবি সদস্যকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে আবদুস সোবহান অভিযোগ করেন, সরদার আমজাদ হোসেনের পরামর্শে অন্য আসামিরা ২০০৪ সালের ১৮ মে সকালে বাদীর বাড়িতে গিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় পরে তাকে হামিরকুৎসা রমজান কায়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্যাতনের এক পর্যায়ে বাদী ২০ হাজার টাকা চাঁদা দিয়ে ছাড়া পান। ম্যাজিস্ট্রেট মামলাটি গ্রহণ করে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাগমারা থানার বারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ড. মির্জা গোলাম সারোয়ার জানান, আদালতের পাঠানো এজাহারের অনুলিপি থানায় পৌঁছেছে। শিগগিরই এর তদন্ত শুরু করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২২৪৪ ঘ.