সিলেট, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জৈন্তাপুর থানার টহল পুলিশ শুক্রবার মধ্যরাতে ফাতেমা বেগম তানজিনা (১৭) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে।
জৈন্তাপুর থানার উপ-পরিদর্শক সৈয়দ নাসির আহমদ জানান, শুক্রবার রাত ১টার দিকে টহল পুলিশ সিলেট-তামাবিল সড়কের একটি সেতুর নিচে এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখেন। ওই লাশের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া যায়। মোবাইলে একটি কল আসার পর পুলিশ ফোন ধরে লাশের নাম-পরিচয় জানতে পারে।
সৈয়দ নাসির আহমদ জানান, নিহত তানজিনা পার্শ্ববর্তী গোয়াইনঘাট উপজেলার আলীগাঁও ইউনিয়নের লামাকোটা পাড়া গ্রামের ফজলুল হকের মেয়ে। শুক্রবার দুপুরে সে হরিপুরের বালিপুর গ্রামের খালার বাড়ি থেকে বাড়ি ফেরার জন্য রওনা হয়। রাত ১২টার পরও সে বাড়ি না ফেরায় তার বাবা ফজলুল হক বিষয়টি পুলিশকে জানান।
এলাকাবাসী পুলিশকে জানায়, রাত ১১টার দিকে একটি মাইক্রোবাস সেতুর কাছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃক্তরা মাইক্রোবাস থেকে তানজিনার লাশ সেতুর নিচে ফেলে গেছে।
তানজিনার বাবা ফজলুল হক শনিবার জৈন্তাপুর থানায় এ বিষয়ে একটি হত্যা মামলা করেছেন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম জাকির হোসেন জানান, মেয়েটির পিঠে ও গলায় ছুরির আঘাতের দাগ রয়েছে।
সিলেটের জৈন্তাপুরে দুদিনের ব্যবধানে দুই তরুণী খুন হল। গত বৃহস্পতিবার এক তরুণীকে জবাই করে হত্যা করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩২৯ ঘ.
bdnews24