ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তৈরি-পোশাক কারখানার এক কর্মীকে ধর্ষণের অভিযোগে রাজধানীর মিরপুর থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।
মিরপুর থানার উপ-পরিদর্শক সাঈদ ইকবাল শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুল মান্নানের (৩৫) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন মিরপুর পীরেরবাগ এলাকার এক গার্মেন্টস কর্মী (১৮)।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক শাহজাহান আলী জানান, মামলার এজাহারে ওই কর্মী উল্লেখ করেছেন, আব্দুল মান্নান বৃহস্পতিবার রাতে পীরেরবাগের বাসায় ঢুকে তাকে ধর্ষণ করেন। এ সময় তার বাসায় আর কেউ ছিল না।
তিনি বলেন, "শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ওই তরুণী মিরপুর থানায় মামলা করেন। রাতেই আব্দুল মান্নানকে থানায় ডেকে আনা হয়। শনিবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন তিনি জেল হাজতে আছেন।"
শাহজাহান আলী আরো বলেন, "শনিবার সকাল ১০টায় ওই তরুণী ও এএসআই আব্দুল মান্নানকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।" তবে এখনো চিকিৎসকদের প্রতিবেদন পাওয়া যায়নি বলে তিনি জানান।
তিনি জানান, গার্মেন্টস কর্মী এখন পুলিশ হেফাজতে আছে।
আব্দুল মান্নানের বাড়ি সিরাজগঞ্জ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এফএইচবি/এমএইচবি/২২০৭ ঘ.
bdnews24