ঢাকা, ১৮ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রমজান মাসে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের লোকদের নিয়ে তদারকি কমিটি করার চিন্তাভাবনা করছে সরকার। কমিটির সদস্যরা বাজারে গিয়ে মূল্যপরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের এই তথ্য দেন।
তিনি বলেন, "দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকার চিন্তিত। পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সে ব্যাপারে স্বল্পমেয়াদি কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে পণ্যের দাম কমবে বলে সরকার আশাবাদী।"
এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, দেশে দুর্ভিক্ষের আশঙ্কা নেই। সরকারের কাছে প্রচুর পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের কাছে ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল এবং ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন গম মজুদ রয়েছে। আরও ১ লাখ মেট্রিক টন চাল কেনা হচ্ছে।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার কোন চিন্তা এই মূহুর্তে সরকারের নেই বলে প্রেস সচিব জানান।
ফাহিম মুনেম বলেন, বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বিডিআরের পক্ষ থেকে বাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়। বাণিজ্য উপদেষ্টা এবি মীর্জা আজিজুল ইসলাম সভাকে জানান, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়ার কারণে স্থানীয় বাজারে এর বিরূপ প্রভাব পড়ছে।
প্রেস সচিব বলেন, বাণিজ্য উপদেষ্টা ২০০৬-২০০৭ অর্থ বছরের পণ্যের মূল্যের সঙ্গে ২০০৭-২০০৮ অর্থ বছরের তুলনামূলক চিত্র তুলে ধরেন। এতে দেখানো হয় এই সময়ে আন্তর্জাতিক বাজারে যে হারে পণ্যের মূল্য বেড়েছে তার তুলনামূলক কম বেড়েছে অভ্যন্তরীণ বাজারে। এই বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখতে স্বল্পমেয়াদি পদক্ষেপ হিসেবে বিভিন্ন পণ্যের শুল্ক কমানো এবং প্রত্যাহারের মতো সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।
প্রেস সচিব আরও জানান, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সেপ্টেম্বর থেকে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু করবে। ১৫ হাজার ডিলারের মাধ্যমে সারা দেশে রোজার ঈদ পর্যন্ত খোলা বাজারে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে। এজন্য বরাদ্দ রাখা হয়েছে এক লাখ ৯১ হাজার মেট্রিক টন চাল। ভিজিডি কর্মসূচির জন্য দুই লাখ মেট্রিক টন চাল ও গম বরাদ্দ দেওয়া হয়েছে। ভিজিএফ কর্মসূিচর জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৪ লাখ মেট্রিক টন চাল।
বিডিআর ইতিমধ্যেই ৯০ কোটি টাকার সুদমুক্ত ঋণ পেয়েছে জানিয়ে ফাহিম মুনেম বলেন, তারা বর্তমানে দেশের ৩২টি জেলায় ৭১টি দোকানের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করে যাচ্ছে। রমজান উপলক্ষ্যে ২০০ দোকান চালু করবে বিডিআর। জেলার সংখ্যাও বাড়ানো হবে। এছাড়া ১ সেপ্টেম্বর থেকে ঢাকায় ৪ট পাইকারি বাজার চালু হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/এমএইচবি/১৯৩৬ ঘ.
bdnews24