নওগাঁ, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আদিবাসী নেতা আলফ্রেড সরেনের সপ্তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে স্থানীয় আদিবাসীসহ বিভিন্ন সংগঠনের নেতারা। একই সঙ্গে তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
শনিবার সকালে মহাদেবপুর উপজেলার ভীমপুরে আলফ্রেড সরেনের সমাধিতে ফুল দেয় আদিবাসী ফোরাম, আদিবাসী ইউনিয়ন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল।
ফুল দেওয়ার পর সেখানে সংক্ষিপ্ত এক মুক্ত আলোচনায় অংশ নেন আদিবাসী ফোরামের নওগাঁ জেলার সভাপতি আমিন কুজুর, আদিবাসী ইউনিয়ন সভানেত্রী ও আলফ্রেড সরেনের বোন রেবেকা সরেন, কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি ময়নুল হক মুকুল ও সমাজতান্ত্রিক দল নেতা জয়নাল আবেদীন মুকুল।
ওই সময় তারা আলফ্রেড সরেন হত্যা মামলা পুনরুজ্জীবিত করে দ্রুত হত্যাকারীদের বিচার দাবি করেন।
২০০০ সালে আদিবাসীদের জমি দখলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে স্থানীয় জোতদারদের বাহিনী কুপিয়ে হত্যা করে আলফ্রেড সরেনকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩০ ঘ.
bdnews24