ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যমুনা ও পদ্মা অববাহিকার নদীগুলোয় আবার পানি বাড়তে শুরু করেছে। নতুন করে আরও দুটি ইউনিয়ন প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্ত ইউনিয়নের সংখ্যা এখন দুই হাজার ৩২টি। তথ্য অধিদপ্তরের বন্যা পরিস্থিতি প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বন্যাজনিত কারণে ১৮ জন মারা যাওয়ায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৫৫৪ জনে পৌঁছেছে।
পানি সরতে না সরতেই আবার বন্যার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছে যমুনা ও পদ্মা অববাহিকার মানুষ। এদিকে, সাতক্ষীরায় গত দুদিনের টানা বৃষ্টিতে নতুন করে ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এ সব এলাকার প্রায় ৩০ হাজার মানুষ এখন আশ্রয়হীন।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শনিবার জানায়, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ভারতের পশ্চিমবঙ্গ, বিহারসহ হিমালয়ের পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এ কারণেই বাড়ছে নদীর পানি।
তবে দুই-এক দিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে বলে ভারতের আবহাওয়া দপ্তরের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়, শনিবার সকালে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে আট সেন্টিমিটার ও পুরোন ব্রহ্মপুত্র নদীর পানি ময়মনসিংহ পয়েন্টে ২৭ ও জামালপুর পয়েন্টে ২৫ সেন্টিমিটার বেড়েছে। আরিচা পয়েন্টে যমুনার পানি ১৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
গঙ্গা অববাহিকার নদীগুলোর মধ্যে পদ্মার পানি গোয়ালন্দ ও ভাগ্যকূল পয়েন্টে যথাক্রমে ১১ ও আট সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৫ ও ২২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এছাড়া কপোতাক্ষ নদীর পানি ১৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫১ সেন্টিমিটার ওপরে রয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, পদ্মা ও যমুনায় পানি বাড়ায় আগামী ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, চাঁদপুর এবং ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।
রাজধানীর আশপাশের নদীগুলোর পানি খুব একটা না বাড়ায় এ অঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকবে বলে বলা হয়েছে কেন্দ্রের বুলেটিনে। এ অঞ্চলের নদীগুলোর মধ্যে তুরাগ ও টঙ্গীখালের পানি যথাক্রমে পাঁচ ও তিন সেন্টিমিটার বাড়লেও কালীগঙ্গা ও ধলেশ্বরীতে পানি কমেছে।
এদিকে ভৈরব বাজার পয়েন্টে মেঘনার পানি চার সেন্টিমিটার কমলেও তা এখনও বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে রয়েছে। সুরমার পানিও কমছে।
বন্যার ক্ষয়ক্ষতি ও ত্রাণ তৎপরতা নিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
bdnews24